২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদপুত্রের দখল: কাউকেই ছাড় দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

সীতাকুণ্ডে সাংসদপুত্রের জমি দখল ও সাংবাদিক নির্যাতনের ঘটনায় মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে অন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 03:59 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে সাংসদপুত্রের জমি দখল ও সাংবাদিক নির্যাতনের ঘটনায় মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে অন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "এ অনাকাঙ্খিত ঘটনায় আইনগত অন্য ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কাউকেই ছাড় দেওয়া হবে না। সকলকেই আইনের আওতায় আনা হবে।" 'দখলের সংস্কৃতি দীর্ঘদিনের' মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, "তবে আমরা এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। এজন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে।" সরকার 'ক্রসফায়ার'-এর বিরুদ্ধে কথা বললেও এখনো তা অব্যাহত থাকার ব্যাপারে প্রতিমন্ত্রীর বক্তব্য জানতে চাইলে সরাসরি জবাব এড়িয়ে তিনি বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষা ও নিয়ন্ত্রণে তাদের নিয়মিত কাজ করছে। এটি একটি চলমান প্রক্রিয়া।" এর আগে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে বৈঠক করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী ১৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত সভা নিয়ে আলোচনা করেছেন তারা। যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া থেমে নেই। সরকার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। শিগগিরই বিচার প্রক্রিয়া দৃশ্যমান হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮৪২ঘ.