২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র চলছে এখনও, তদন্ত করে ব্যবস্থা: মতিয়া

দেশ ও সরকারের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে দাবি করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, তদন্ত করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ ও সরকারের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে দাবি করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, তদন্ত করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পিলখানা হত্যাকাণ্ড এবং ঈদের আগে শ্রমিকদের বেতন চাওয়া ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য। মতিয়া মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "এ ধরনের ষড়যন্ত্র চলছেই। সরকারকে বিব্রত করার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে। কোন গোষ্ঠী বা ব্যক্তি এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তা চিহ্নিত করার চেষ্টা চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" গত ফেব্র"য়ারিতে পিলখানায় বিদ্রোহী জওয়ানরা অর্ধশতাধিক সেনা কর্মকর্তাকে হত্যা করে। অন্যদিকে ঈদুল ফিতরের আগে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ মন্দার প্রণোদনা প্যাকেজ থেকে বরাদ্দ চায়। সমালোচনার পর অবশ্য তারা ওই বক্তব্য প্রত্যাহার করে। বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি রবার্ট এল ফ্লয়েড মঙ্গলবার সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপরই সাংবাদিকদের সঙ্গে মন্ত্রীর কথা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে 'ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম' চলছে জানিয়ে মতিয়া বলেন, এ প্রকল্পসহ বাংলাদেশের কৃষি উন্নয়নের বিষয়ে বিশ্বব্যাংক কর্মকর্তার সঙ্গে তার আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে কাজ করতে আগ্রহ দেখিয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন স্থানে দরপত্রে অনিয়মের অভিযোগের বিষয়ে মতিয়া বলেন, আওয়ামী লীগের আগের সরকারের সময় দরপত্রের যে নিয়ম ছিল তাতে প্রাক্কলিত ব্যয়ে পাঁচ শতাংশ কম ও বেশি মূল্যে দরপত্র দাখিলের নিয়ম ছিল। এক্ষেত্রে অনিয়মের সুযোগও কম ছিল। কারণ একাধিক ব্যক্তি নির্দিষ্ট হারের কম বা বেশি করলে, সরকার লটারির মাধ্যমে তা নিষ্পত্তি করতো। "কিন্তু ২০০৪ সালে তৎকালীন সরকার পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশন (পিপিআর) পরিবর্তন করে। এ কারণে দরপত্র নিয়ে দখলবাজি ও টেন্ডারবাজি চলছে। বর্তমান সরকার এ অবস্থার পরিবর্তনে আবারো আগের নিয়মে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে মন্ত্রিপরিষদ দেশের সর্বত্রই একাধিক স্থানে দরপত্র দাখিলের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।" আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের বিষয়ে দলীয় সিদ্ধান্ত প্রসঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া বলেন, "এ বিষয়ে দলীয়ভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা যত্রতত্র কথা বলতে পারি না।" বঙ্গবন্ধু মামলার বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, "সরকার সাধারণ আইনে এ মামলা বিচার করছে। অথচ বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার বিশেষ আদালতের মাধ্যমে হতে পারতো। কিন্তু প্রধানমন্ত্রী সাধারণ আইন ও আদালতের মাধ্যমে এর নিষ্পত্তি করতে চান।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪০০ ঘ.