শেরপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর শহরে সোমবার রাতে বিএনপি'র একটি মিছিলে প্রতিপক্ষ গ্রুপের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে সাবেক বিএনপি সাংসদ মো. মাহমুদুল হক রুবেলসহ আট নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তার এড়ানোর জন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয় বলে পুলিশ জানায়।
শেরপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সার্কেল) মো. ইকবাল শফি বলেন, রাত সাড়ে ৮টার দিকে জেলা বিএনপি'র একটি গ্রুপ কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমানের মুক্তির দাবিতে মিছিল বের করে। মিছিলটি শহরের নিউমার্কেট মোড়ে আসার পর তাদের প্রতিপক্ষ বিএনরপি'র আরেকটি গ্রুপ রাম দা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
এ সময় দুই গ্রুপের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আশপাশের দোকনাপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার পর বিএনপি অফিসসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান জানান, আটক নেতা-কর্মী সদর থানায় রয়েছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিএনপির কোনো পক্ষই এ ঘটনায় মামলা দায়ের করেনি বলে তিনি জানান।
এ ব্যাপারে জেলা বিএনপি'র আহ্বায়ক একেএম সাইফুল ইসলাম কালাম জানান, আমানের মুক্তির দাবিতে তার সমর্থকরা মিছিল বের করলে জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক বিএনপি সাংসদ মাহমুদুল হক রুবেল সমর্থকরা মিছিলে হামলা চালায়।
এদিকে রুবেল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। নিজ নির্বাচনী এলাকা শ্রীবর্দী থেকে বাসায় ফেরার সময় বাসার কাছ থেকে পুলিশ তাকে আটক করে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৫ ঘ.
bdnews24