২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপাতত পার পেলেন জলিল

বিতর্কিত মন্তব্য করেও আপাতত রেহাই পেলেন আওয়ামী লীগ নেতা আবদুল জলিল। দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তাকে অভিহিত করেছেন মানসিক ভারসাম্যহীন বলে। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "আমাকে সবকিছুই সহ্য করতে হয়।" সুমন মাহবুব জানাচ্ছেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 01:09 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিতর্কিত মন্তব্যের পরও উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল জলিলের বিরুদ্ধে এ মুহূর্তে কোনও ব্যবস্থা নিচ্ছে না আওয়ামী লীগ। শনিবার দলের কার্যনির্বাহী সংসদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনও সিদ্ধান্ত হয়নি। সভার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তার পূর্বসূরির বিষয়ে সাংবাদিকদের বলেন, "মানসিক ভারসাম্যহীন কোনও ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যায় না।" বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে আশরাফ বলেন, অনেকে এ বিষয়ে আলোচনা করেছেন। তবে কোনও সিদ্ধান্ত হয়নি। "আমরা তো প্রচার মাধ্যমে জলিল সাহেবের বক্তব্যগুলো পাচ্ছি। প্রয়োজন পড়লে আমরা আলামত সংগ্রহ করব। আলামত পেলে আমরা সিদ্ধান্ত নেব", বলেন তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সভা শুরুর আগে জলিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে দুটি লিফলেট বিলি করেন একদল কর্মী। শেখ হাসিনা সভাস্থলে এলে যুবলীগের কর্মীরা জলিলের শাস্তি চেয়ে বিভিন্ন স্লোগানও দেয়। 'সচেতন কর্মীবৃন্দ' ও 'যড়যন্ত্র প্রতিরোধ কমিটি'র ব্যানারে ওই লিফলেট দুটির বক্তব্যে বলা হয়, সাবেক সাধারণ সম্পাদক জলিল দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি যুক্তরাজ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে যোগসাজশ করে বক্তব্য দিচ্ছেন। আওয়ামী লীগের বিগত কমিটির সাধারণ সম্পাদক জলিল গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাজ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, উপদেষ্টা পরিষদে রেখে অনেক জ্যেষ্ঠ নেতার প্রতি শেখ হাসিনা 'অন্যায়' করেছেন। সমঝোতা করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেও ইঙ্গিত দেন তিনি। ঝড় তোলা এ বক্তব্যে দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হলে জলিল দুঃখ প্রকাশ করে বলেন, আটকাবস্থায় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) নির্যাতনের বিচার না পাওয়ার ক্ষোভ থেকে তিনি ওই বক্তব্য দিয়েছিলেন। কার্যনির্বাহী সংসদের সভায় মোহাম্মদ নাসিম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাইদ স্বপন, সদস্য টিপু মুন্সীসহ কয়েকজন জলিলের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করে বক্তব্য রাখেন বলে বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান। নাসিম বলেন, আব্দুল জলিলকে আনচ্যালেঞ্জড যেতে দেওয়া উচিত হবে না। তিনি বলেন, যারা শেখ হাসিনার পাশে ভালো মানুষ সেজে ঘাপটি মেরে ছিলো, তাদেরই শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক বানিয়েছেন। নাসিম বলেন, উনি (জলিল) সেক্রেটারি থাকার সময় তো সারা দেশ ছিলো জলিলময়। টেলিভিশন খুললেই উনাকে দেখা যেতো। তিনি বলেন, যারা ডিজিএফআই'য়ের কাছে লিখিত বক্তব্য দিয়েছেন তাদের চিহ্নিত করতে হবে। এ পর্যায়ে নাসিমকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, আপনাকে তো ডিজিএফআই নেয়নি। জরুরি অবস্থা জারির পর অনেক রাজনীতিকের মতো জলিলকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অবস্থায় এক চিঠিতে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে দলে গণতন্ত্র নেই- অভিযোগ করে এর জন্য শেখ হাসিনাকেই দায়ী করেন তিনি। কারামুক্তির পর অবশ্য জলিল চিঠির সব বক্তব্য অস্বীকার করেন। এরপর তাকে দলের পদে রাখা হলেও দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। এমনকি কাউন্সিলের কোনও কাজে তাকে যুক্ত করা হয়নি। ওই ক্ষোভ থেকে গত জুলাইয়ে কাউন্সিলের তিনদিন আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। জলিল প্রসঙ্গে বৈঠকে কয়েকজন বক্তব্য রাখার পর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও কার্যনির্বাহী সংসদের সদস্য মির্জা আজম বক্তব্য রাখতে চাইলে শেখ হাসিনা তাদের বসিয়ে দেন বলে বৈঠকে উপস্থিত নেতারা জানান। বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনা সমাপনী বক্তব্য দেওয়ার সময় জলিলের প্রসঙ্গে কিছুই না বলায় নাসিম দলীয় সভানেত্রীকে বলেন, "আপনি তো কিছুই বললেন না।" তখন শেখ হাসিনা বলেন, "উনি (আব্দুল জলিল) তো প্রকাশ্যে বলেছেন। অনেকে তো নিজের বসবার ঘরে এর চেয়েও মারাত্মক কথা বলেছেন। আমাকে সব কিছুই সহ্য করতে হয়। আর, সময় তো শেষ হয়ে যাচ্ছে না।" জলিলসহ প্রভাবশালী কয়েকজন নেতাকে মন্ত্রী কিংবা দলের কার্যনির্বাহী সংসদে রাখা না হলেও দেওয়া হয়েছে সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব। জলিল বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। জলিল ২০০২ সালের ডিসেম্বরে দলের ১৯-তম কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। হাসিনা নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারে টেকনোক্রেট হিসেবে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/জিএনএ/১৯০৮ ঘ.