২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আ.লীগের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ

মাগুরায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতাকর্মীদের নানাভাবে নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আওয়ামী লীগ বলেছে, বিএনপির এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 03:45 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

মাগুরা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতাকর্মীদের নানাভাবে নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আওয়ামী লীগ বলেছে, বিএনপির এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। শুক্রবার শহরের চৌরঙ্গী মোড়ে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা অভিযোগ করেন, দলের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট, হয়রানিমূলক মামলা দায়ের, দোকান দখল ও চাঁদা আদায় করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ কারণে বহু বিএনপি নেতা-কর্মী এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোকাদ্দেস হোসেন। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে আসা নেতা-কর্মীরা তাদের অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তারা অভিযোগ করেন, সরকারদলীয় নেতা-কর্মীদের নির্যাতন ও হুমকির মুখে জেলার দুই শতাধিক বিএনপি নেতা-কর্মী বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। অর্ধ শতাধিক হয়রানিমূলক মামলায় আসামি করা হয়েছে পাঁচ শতাধিক নেতাকর্মীকে। সদর উপজেলা বিএনপি'র সাবেক দপ্তর সম্পাদক সাইদুর রহমান অভিযোগ করেন, তার এলাকার গোবিন্দপুর বাজারে ইউসুফ মিয়া নামের এক বিএনপি কর্মীর দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে স্থানীয় আ. লীগ সমর্থিত সন্ত্রাসীরা। তাদের হুমকির কারণে তিনি নিজের ঘের থেকে মাছ ধরতে পারছেন না। হাজরাপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ইছাখাদা বাজার বণিক সমিতি সভাপতি মনিরুল ইসলাম অভিযোগ করেন, তাদের নির্বাচিত কমিটিকে অবৈধভাবে বাদ দিয়ে স্থানীয় আ. লীগ নেতারা নিজেদের ইচ্ছামতো বাজার কমিটি গঠন করেছে। হাজীপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলফাজুর রহমান জিল্লাল জানান, স্থানীয় আ. লীগ নেতাদের নির্যাতন ও হুমকির মুখে তিনি নিজে এবং বিএনপি কর্মী বিল্লাল হোসেন, মিন্টু, মেক্তার হোসেনসহ ১১জন পরিবার নিয়ে গত নয়মাস বাড়ি ছেড়ে শহরে বাসা ভাড়া করে আছেন। মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর (কমিশনার) বজলুর রহমান অভিযোগ করেন, শাসক দলের ছত্রছায়ায় এক সন্ত্রাসী শহরের স্টেডিয়াম গেটে তাদের মার্কেটে একাধিক দোকান ঘর দখল করে মদ ও জুয়ার আড্ডা বসিয়েছে। এর প্রতিবাদ করলে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হয়রানিমূলক মামলা প্রতাহারের দাবি জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আমিনুল ইসলাম চান্দু মিয়া, নাজিমুদ্দিন, নুরুল হাসান, ফারুক আহমেদ, সাখওয়াত হোসেন, আলমীর হোসেন প্রমুখ। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগ সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বহী কমিটির সদস্য মো. আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংবাদ সম্মেলনের সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। মাগুরায় এরকম কোনো ঘটনাই ঘটেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৬ ঘ.