বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক,চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংসদ নির্বাচনে আওয়ামী লীগ চট্টগ্রামের নয়টি আসন ও উপজেলার আটটিতে প্রার্থীরা জিতলেও দলের সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক কোন প্রভাব পড়েনি।
এ বিপুল বিজয়ের পরও দলীয় কর্মকাণ্ডে স্থবিরতা কাটেনি বলে অভিযোগ করেছেন দলের মাঝারি পর্যায়ের নেতা-কর্মীরা।
দলের শীর্ষ নেতাদের 'স্বেচ্ছাচারী মনোভাব' ও পরস্পরের দ্বন্দ্ব, তিনটি সাংগঠনিক জেলার দু'টিতেই পূর্ণাঙ্গ কমিটি না থাকা, একটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মসূচির অভাবই এর কারণ বলে তারা উল্লেখ করেন।
সংসদ ও উপজেলা নির্বাচন শেষে আওয়ামী লীগকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছিল। বাস্তবে এখনো কোন এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়নি।
তবে তিনটি সাংগঠনিক জেলার নেতারাই কার্যক্রমে স্থবিরতার অভিযোগ অস্বীকার করে বলেছেন, জরুরি অবস্থা, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও সংসদ নির্বাচনের কারণেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। দলে কোন দ্বন্দ্ব না থাকার দাবি করে তারা বলেছেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।
২০০৬ সালে মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন হলেও গত আড়াই বছরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। ২০০৫ সালে উত্তর জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলেও এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। দলীয় গঠনতন্ত্র অনুসারে প্রতিটি কমিটির মেয়াদ তিন বছর।
মহানগর কমিটি পূর্ণাঙ্গ না করা প্রসঙ্গে এবিএম মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলে কোন বিভক্তি নেই। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।"
সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্মেলনের পর সরকার বিরোধী আন্দোলন, সভাপতির গ্রেপ্তার, জরুরি অবস্থা ও নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করার মতো সময় পাওয়া যায়নি।"
আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে উল্লেখ করে তিনি বলেন, এজন্য নগর কমিটির ৪৩ টি সাংগঠনিক ওয়ার্ড থেকে সম্ভাব্যদের নামও সংগ্রহ করা হয়েছে।
মহানগর আওয়ামী লীগে কোন দ্বন্দ্ব নেই দাবি করে দানু বলেন, "কয়েক বছরের কঠিন সময়ে যারা দলের সঙ্গে ছিলেন না জরুরি অবস্থা প্রত্যাহারের পর তারাই এখন বন্ধু বনে গেছেন।"
সাধারণ সম্পাদক তাদের 'সুসময়ের বন্ধ'ু অভিহিত করে অভিযোগ করেন,এরাই দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।
পূর্ণাঙ্গ কমিটি গঠন না করা প্রসঙ্গে কোতোয়ালী এলাকার সাংসদ ও মহানগর কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠন করা দরকার। তবে এখনো কি কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হচ্ছে না তা দায়িত্বপ্রাপ্তরাই ভাল বলতে পারবেন।"
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর আওয়ামী লীগের মাঝারি পর্যায়ের এক নেতা পূর্ণাঙ্গ কমিটি গঠন না করার জন্য 'নেতাদের স্বেচ্ছাচারী মনোভাবকে' দায়ী করেন। গত সংসদ নির্বাচনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মেয়রের বিতর্কিত ভূমিকার কারণে অনেকের মধ্যে তার বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, "আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দিন বদলের কথা বলে ক্ষমতায় এলেও দলীয় কার্যক্রমে এখনো সেই চিরাচরিত প্রথা রয়ে গেছে।"
২০০৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন। নেতৃত্বের দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের মধ্যে দিয়ে সম্মেলন শেষ হলেও আখতারুজ্জামান চৌধুরী বাবুকে সভাপতি ও মোছলেম উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠন করার ঘোষণা দেওয়া হলেও আড়াই বছরে তা কার্যকর করা হয়নি। আগের কমিটির সম্পাদকমণ্ডলী দিয়েই দলীয় কাজ চালানো হচ্ছে।
জরুরি অবস্থা ও নানা প্রতিকূলতার কারণে কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি বলে দাবি করেন দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদও।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই-এক মাসের মধ্যেই দক্ষিণ জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। দক্ষিণ জেলায় কোন দ্বন্দ্ব নেই দাবি করে তিনি বলেন, আগের কমিটির সদস্যরাই বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে যাচ্ছেন।
২০০৫ সালে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন। এতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলেও এর মেয়াদ ইতিমধ্যে পার হয়ে গেছে।
এ প্রসঙ্গে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তা মহানগর বা দক্ষিণ জেলার মতো অপূর্ণাঙ্গ নয়।
নিজেদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই বলে দাবি করে তিনি বলেন, "নিয়মিতভাবেই বিভিন্ন উপজেলায় সাংগঠনিক কর্মসূচি পালিত হচ্ছে। দল নির্বাচনে জয়লাভ করায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে।"
দল গোছানোর জন্য কেন্দ্র থেকে নির্দেশনা পেলে তা পালন করা হবে বলেও এম এ সালাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিআর/এসকে/২২০০ঘ.
bdnews24