ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় এলডিপি মহাসচিব জাহানারা বেগমকে দুই মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি তাকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ এ বি মাহমদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ জাহানারার আগাম জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
গত বছর ৪ নভেম্বর দুর্র্নীতি দমন কমিশন অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় মামলাটি দায়ের করেছিল।
জাহানারা বেগম এ মামলায় হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন জানান।
তার পক্ষে এ আবেদনের ওপর শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট এ এফ এম মেজবাহউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৭৫১ঘ.
bdnews24