ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদের প্রথম অধিবেশন ২৬ ফেব্র"য়ারি পর্যন্ত চলবে। এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ২০ ঘণ্টা আালোচনা হবে।
বুধবার বিকালে সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদের প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকে সংসদের আসন পুর্নবিন্যাস নিয়ে কোনও আলোচনা হয়নি।
স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল সাড়ে তিনটায় কার্য উপদেষ্টার কমিটির এ বৈঠক শুরু হয়। এটি ছিল নবম সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে উপস্থিত থাকলেও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বৈঠকে উপস্থিত ছিলেন না।
বিরোধী দলীয় নেতার প্রতিনিধিত্ব করেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবেদীন ফারুক।
এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির এইচ এম এরশাদ, আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার শওকত আলী, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, বিএনপির এম কে আনোয়ার, প্রধান হুইপ আবদুস শহীদ, অ্যাডভোকেট রহমত আলী, অ্যাডভোকট আবদুল মতিন খসরু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও জাতীয় পার্টির ফজলে রাব্বী।
বৈঠকের পর বিকাল ৪টা ৫৫ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসইউএম/ এসএম/এমআরএফ/জিএনএ/২২১৭ ঘ.
bdnews24