২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-সচিব পর্যায়ের ২২ জন কর্মকর্তার পদে রদবদল

প্রশাসনের উপ-সচিব পর্যায়ের ২২ জন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 02:09 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রশাসনের উপ-সচিব পর্যায়ের ২২ জন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় পৃথক আদেশে মঙ্গলবার এসব রদবদল করে। এদের মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রেস কর্মকর্তা মিকাইল সিপার ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মাহমুদুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নিয়োগ করা হয়েছে। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব মনোজ মোহন মিত্র, হাসনুন নাহার ও আব্দুল্লাহ মাসুদকে অর্থ মন্ত্রণালয়ে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত আবুল কাশেম মো. বদরুল মজিদকে সড়ক ও রেলপথ বিভাগে ও ওএসডি উপ-সচিব তাজুল ইসলামকে পরিকল্পনা বিভাগে উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মাফরুহা সুলতানাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে, সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব রফিকুল ইসলামকে সড়ক ও রেলপথ বিভাগে, জাতীয় পুষ্টি কার্যক্রমের পরিচালক ইব্রাহিম খলিলকে সংস্থাপন মন্ত্রণালয়ে ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মজিবুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক ড. মোহাম্মদ কাওছারকে ওএসডি করে স্থানীয় সরকার কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক আনোয়ারুল ইসলাম সরকারকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এদিকে সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপ-সচিব মশিয়ার রহমানকে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা, সাবেক আইন উপদেষ্টার একান্ত সচিব আবু সৈয়দ মো. শাহেন রেজাকে ডিসিসি'র প্রধান ভাণ্ডার কর্মকর্তা, বিনিয়োগ বোর্ডে সংযুক্ত ওএসডি উপ-সচিব মীর মোশাররফ হোসেনকে মৎস্য ও পশুসম্পদ তথ্য দপ্তরের উপ-পরিচালক, পরিকল্পনা বিভাগের উপ-সচিব ভোলা নাথ দে'কে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক, বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রশিদকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব তাজকেরা বেগমকে অর্থ বিভাগের অর্থনৈতিক উপদেষ্টা, ওএসডি উপ-সচিব আবু ইউসুফকে সরকারি প্রিন্টিং প্রেসের উপ-নিয়ন্ত্রক ও ডিসিসি'র প্রধান সম্পত্তি কর্মকর্তা খলিলুর রহমানকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এসকে/১৯৫৪ঘ.