২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অচিরেই অনলাইনে কেনাকাটা শুরু করবে সরকার

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনতে এবং দুর্নীতি রোধ করতে খুব শিগগিরই অনলাইনে কেনাকাটা শুরু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একইসঙ্গে সরকারের পুরো প্রশাসনিক কর্মকাণ্ডকে কম্পিউটারাইজড করা হবে বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 11:08 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনতে এবং দুর্নীতি রোধ করতে খুব শিগগিরই অনলাইনে কেনাকাটা শুরু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একইসঙ্গে সরকারের পুরো প্রশাসনিক কর্মকাণ্ডকে কম্পিউটারাইজড করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত পাঁচ দিনব্যাপী 'বেসিস সফট এক্সপো ২০০৯'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, "সরকারি কেনাকাটা অনলাইনে শুরু হলে এ প্রক্রিয়ায় একদিকে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে অন্যদিকে এক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে তা অনেকাংশেই কমে আসবে।" সরকারি কেনাকাটায় যে নানা ধরনের জটিলতা থাকে তাও কমে আসবে বলেও মনে করেন তিনি। সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়নের অংশ হিসেবেই বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও দপ্তরের যাবতীয় কেনাকাটা অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, "এ অঙ্গীকার বাস্তবায়নের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিআই), বেসিস ও এ খাতের বিশেজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সরকার একটি রোডম্যাপ তৈরী করবে। সে রোডম্যাপ অনুযায়ী সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।" তিনি বলেন, "আমি স্বপ্ন বিলাসী মানুষ। আমি দেখতে চাই, ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক খাতের পরেই তথ্য প্রযুক্তি খাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি শিল্প খাত হিসেবে গড়ে উঠবে। কর্মসংস্থানের দিক থেকেও এ খাত দ্বিতীয় স্থান দখল করবে। এজন্য সরকারের পক্ষ থেকে যে ধরণের সহযোগিতা দেওয়া প্রয়োজন তা দেওয়া হবে।" অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী ফারুক খান বলেন, "আমাদের নির্বাচনী ইশতেহার তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। বিষয়টি খেয়াল রেখে এ খাতের উন্নয়নে যা করা দরকার সরকার তা করবে।" তিনি আরো বলেন, "তথ্য প্রযুক্তি এমন একটি খাত যেখানে কথা কম কাজ বেশি। আমরা এ বিষয়টি বিবেচনায় রেখেই এ খাতের উন্নয়নে কাজ করে যাব।" অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বেসিসের সভাপতি হাবিবুল্লাহ এন করিব, গ্রামীন ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেডাল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/জিএনএ/১৭০৫ ঘ.