ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ 'ইম্পিচড' বা অভিশংসিত হওয়ার মতো গুরুতর অপরাধ করেছেন অভিযোগ করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, তার শাস্তি ইস্পিচমেন্ট।
সোমবার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি বলেন, ''সংবিধানের শপথ ভঙ্গ করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব গুরুতর অপরাধ করেছেন। সংবিধানের এর শাস্তি ইস্পিচমেন্ট। সরকারি দল রাষ্ট্রপতিকে ইস্পিচমেন্ট করবে কিনা, তা আমি জানি না।'' তবে বিরোধী দল বিএনপি সংসদে এ প্রস্তাব আনবে কিনা তা বলেননি তিনি।
বিএনপি নির্বাচিত এই রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন না দিয়ে শপথভঙ্গ করেছেন অভিযোগ করে রোববার নবম সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে প্রধান বিরোধী দল।
২০০২ সালে বিএনপি নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে পদত্যাগে বাধ্য করেন। এর আগে তাকে অভিশংসিত করার বিষয়ে তৎকালীন সরকারি দলের সংসদীয় দলের বৈঠকে আলোচনা হয় বলে পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত আলোচনা সভায় দেলোয়ার আওয়ামী লীগের বিরুদ্ধে দমন-পীড়ন ও সারাদেশে তার দলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতনে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, '' আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে পরিবর্তন হয়নি। তাদের অতীত চরিত্র প্রকাশ পাচ্ছে।''
তিনি সরকারি দলকে গনতন্ত্রী হওয়ার পরামর্শ দিয়ে বলেন,'' অতীতের পথ পরিহার করে ডিজিটাল গণতন্ত্রের পথে চলুন। অতীতের পথে চললে আপনারা কাঁটাবিদ্ধ হবেন।''
সংসদে তার দল গঠনমূলক ভূমিকা রাখতে চায়- জানিয়ে দেলোয়ার বলেন,'' আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। কিন্তু যেভাবে আপনারা এগুচ্ছেন, তা গণতন্ত্রের পথ নয়।''
রাষ্ট্রপতির ভাষণে 'শহীদ' জিয়াউর রহমানের নাম না থাকায় ইয়াজউদ্দিন আহম্মেদের সমালোচনাও করে বিএনপি মহাসচিব বলেন, ''এ রাষ্ট্রপতি এর আগেও অষ্টম সংসদের অধিবেশনগুলোতে ভাষণ দিয়েছেন। আমার দুঃখ লাগে, এই্ রাষ্ট্রপতি কতো পরিবর্তন হয়ে গেছেন। এর আগেও তিনি মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়ার কথা বলেছেন। আজ তিনি সত্য কথাটি বলতে পারেননি। তাহলে কি তিনি রাষ্ট্রপতি আছেন, না পরিবর্তন হয়েছেন।''
তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, কৃষক দলের সহসভাপতি তকদির মো. জসিম, মহিলা দলের নগর শাখার সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, উলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হকসহ তাঁতী দলের নেতারা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৯০০ ঘ.
bdnews24