২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনে 'মহাজালিয়াতি' হয়েছে: খোন্দকার দেলোয়ার

২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের মত উপজেলা নির্বাচনেও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। নির্বাচনে 'মহাজালিয়াতি' হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনে প্রত্যাশার চেয়ে কম ভোট পড়ার দিকে ইঙ্গিত করে দেলোয়ার বলেন, "উপজেলা নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি কারণ তারা এক প্রতীকে ভোট দেয় আর বিজয়ী হয় অন্য প্রতীক।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 01:17 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের মত উপজেলা নির্বাচনেও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। নির্বাচনে 'মহাজালিয়াতি' হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনে প্রত্যাশার চেয়ে কম ভোট পড়ার দিকে ইঙ্গিত করে দেলোয়ার বলেন, "উপজেলা নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি কারণ তারা এক প্রতীকে ভোট দেয় আর বিজয়ী হয় অন্য প্রতীক।" শুক্রবার সন্ধ্যায় নয়া পল্টনে মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। নির্বাচনে মহাজালিয়াতির অভিযোগ এনে খোন্দকার দেলোয়ার বলেন, "গত ২৯ ডিসেম্বর এত ভোটার উপস্থিত হয়েছিল যে নির্বাচন কমিশন বলেছিল, '৯০ থেকে ১০৫ ভাগ ভোট পড়েছে। তাহলে কী সেই সময় জীনে ভোট দিয়েছিল? তাহলে উপজেলা নির্বাচনে ওইসব ভোটার গেল কোথায়?" উপজেলা নির্বাচনে প্রথাগতভাবেই জাতীয় নির্বাচনের তুলনায় কম ভোট পড়ে থাকে উল্লেখ করেও প্রধান নির্বাচন কমিশনার প্রত্যাশার তুলনায় কম ভোট পড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। খোন্দকার দেলোয়ার বলেন, "দেশ আজ এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। আওয়ামী লীগের গণতন্ত্রের যে নমুনা তা উপজেলা নির্বাচনেই দেখা গেছে। কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারকে বের করে দেওয়া, তাদেরকে মারধোর করার ঘটনা থেকে প্রতীয়মান হয়েছে তারা কেমন গণতন্ত্র চায়।" তিনি সংসদ ও উপজেলা নির্বাচনকে ১৯৮৬ সালের 'স্বৈরাচার এরশাদের' নির্বাচনের সঙ্গে তুলনাও করেন। সাবেক চিপ হুইপ দেলোয়ার মুক্তিযোদ্ধা দলসহ দলীয় নেতা-কর্মীদের 'জিয়ার আদর্শে' উজ্জীবিত হয়ে সংগঠন গড়ে তোলার আহ্বান জানান। নির্বাচনে ফল বিপর্যয়ের পর বিএনপি এর কারণ অনুসন্ধান করে সাংগঠনিক দুর্বলতাকে অন্যতম সমস্যা হিসেবে চিহ্নিত করে দল গোছাতে উদ্যোগী হয়েছে। দেলোয়ার ১/১১'র ঘটনা প্রবাহ ও সদ্য সমাপ্ত দুইটি নির্বাচন দেশি-বিদেশি ষড়যন্ত্রই অংশবিশেষ বলে মন্তব্য করেন। এর আগেও তিনি ১/১১ এবং সংসদ নির্বাচনের ফলকে বিদেশি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন। মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সাবেক সাংসদ শিরিন সুলতানা, ছাত্র দলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল, ওলামা দলের সভাপতি হাফেজ এম এ মালেক, তাঁতীঁ দলের সভাপতি হুমায়ূন ইসলাম খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসকে/১৯১৭ঘ.