বরগুনায় আ লীগ ও নির্দলীয় দুটি করে, বিএনপি একটিতে জয়ী
বরগুনা জেলার পাঁচ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও নির্দলীয় প্রার্থীরা দুটি করে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। একটি উপজেলায় জয় পেয়েছে বিএনপি।
বরগুনা সদর উপজেলায় নির্দলীয় প্রার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবদুল খালেক (দোয়াত-কলম) ৪৬ হাজার ১০৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খলিলুর রহমান পেয়েছেন ২৩ হাজার ২৭ ভোট।
আমতলী উপজেলাতেও বিজয়ী হয়েছেন নির্দলীয় প্রার্থী। সেখানে বেসরকারিভাবে সালাহ উদ্দিন তালুকদার (দেয়াল ঘড়ি) পেয়েছেন ৪৬ হাজার ৩৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজবিউল কবির পেয়েছেন ৩৮ হাজার ২২৮ ভোট।
বেতাগী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগ নেতা এবিএম গোলাম কবির (ছাতা) পেয়েছেন ১৯ হাজার ১৭০ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী মোশাররফ হোসেন ১৬ হাজার ৯৪৫ ভোট পেয়েছেন।
পাথরঘাটা উপজেলায় আওয়ামী লীগ নেতা শওকত হাচানুর রহমান রিমন (ছাতা) ৩৮ হাজার ৪১৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মল্লিক মো. আইউবের প্রাপ্ত ভোট ৩৪ হাজার ২৫৯।
এ জেলার মধ্যে কেবল বামনা উপজেলায় চেয়ারম্যান পদে জিতেছেন বিএনপি সমর্থিত প্রার্থী। দলের নেতা সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন (দোয়াত-কলম) পেয়েছেন ১৫ হাজার ১৩৫ ভোট। মামুনের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইতুল ইসলামের প্রাপ্ত ভোট ১০ হাজার ৬২৩।
