ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চারটি জেলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের জন্য গাড়ি কেনা হবে।
বুধবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সরকারের গাড়ি কেনার সিদ্ধান্তের বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের গাড়ি ও জনবলের ব্যবস্থা করতে গত বছর তত্ত্বাবধায়ক সরকারের সময়কালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন রাজনৈতিক সরকার এ উদ্যোগ নিলো।
গত বছরের ৩০ অক্টোবর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য গাড়ি ও জনবলের ব্যবস্থা করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সে সময় আদালত বিষয়টি বাস্তবায়ন করে ২৭ নভেম্বর আদালতকে অবহিত করার নির্দেশ দিয়েছিল।
এর আগে ২০০৭ সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আনুষঙ্গিক কর্মচারি ও গাড়িসহ যাবতীয় সুবিধার বিষয়ে আইন মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ের ২০০৭ সালের ২৮ অক্টোবরের জনবল কাঠামো সংক্রান্ত সর্বশেষ চিঠির ভিত্তিতে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছিল। পরে এ নির্দেশ বাস্তবায়নে আদালত সরকারকে বেশ কয়েক বার তাগিদ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এফএফ/এজে/এএল/এসকে/২১০৮ঘ.
bdnews24