২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ আবার বাকশালী শাসনে চলে গেছে: নোমান

নির্বাচনে আওয়ামী লীগ ও তার মিত্রদের নিরঙ্কুশ বিজয়ের ফলে দেশ আবার বাকশালী শাসনে চলে গেছে বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনে আওয়ামী লীগ ও তার মিত্রদের নিরঙ্কুশ বিজয়ের ফলে দেশ আবার বাকশালী শাসনে চলে গেছে বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালী শাসন থেকে দেশে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ ঘটিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, "আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে আমরা আবার বাকশালী শাসনের মধ্যে পড়ে গেলাম।" সোমবার বিকেলে নগরীর লালদীঘি মাঠে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নোমান একথা বলেন। গত নির্বাচনে কারচুপির মাধ্যমে বিএনপিকে হারানো হয়েছে বলে দাবি করেন সাবেক মন্ত্রী। প্রার্থীদের কাছে দেওয়া ভোটার তালিকার সঙ্গে কেন্দ্রে সরবরাহ করা তালিকার মিল ছিল না বলেও অভিযোগ করেন তিনি। নোমান অভিযোগ করেন, বর্তমান সরকার দেশে 'সুনামি সন্ত্রাস' চালাচ্ছে। তিনি বলেন, "সারাদেশে বিএনপি কর্মীদের ওপর নীরবে নির্যাতন চালাচ্ছে সরকার দলীয় সন্ত্রাসীরা। কলেজ-বিশ্ববিদ্যালয়ের হলে সাধারণ ছাত্র-ছাত্রীরা থাকতে পারছে না, ক্লাশ করতে পারছে না।" সরকার দলীয় সন্ত্রাসীরা সারাদেশে এ পর্যন্ত ১৭ জন বিএনপি কর্মীকে খুন করেছে বলে দাবি করে নোমান বলেন, 'সুনামীর মত অদৃশ্য' এ সন্ত্রাস মোকাবেলায় তারা বৈজ্ঞানিক উপায় খুঁজছেন। অবিলম্বে সারাদেশে খুন-চাঁদাবাজি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি। একইসঙ্গে তিনি এসব হত্যার প্রতিশোধ রাজনৈতিকভাবে নেওয়ার অঙ্গীকার করেন। মহানগর বিএনপির আহবায়ক সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খোন্দকার, দক্ষিণ জেলার সভাপতি আহমেদ খলিল খান, সাবেক সাংসদ বেগম রোজী কবীর, মহানগর বিএনপি নেতা দস্তগীর চৌধুরী প্রমুখ। সমাবেশে নোমান সমর্থিত মহানগর বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সোমবার প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চট্টগ্রাম বিএনপির দুই অংশ পৃথক কর্মসূচি পালন করেছে। নোমানের অনুসারীরা সকালে রাঙ্গুনীয়ায় জিয়ার প্রথম কবরে পুষ্পস্তবক অর্পণ করে। বিকেলে লালদীঘি ময়দানে সমাবেশ করে। অপর দিকে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের অনুসারীরা সকালে রাঙ্গুনীয়ায় জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করে কর্মসূচি পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএসবি/২১১৩ ঘ.