২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্ম মূল্যায়নের মাধ্যমে দলকে এগিয়ে নিতে হবে: বিএনপি নেতারা

নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে 'আত্ম মূল্যায়নের মাধ্যমে' দলকে সামনে দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির নেতারা। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলের এক আলোচনা সভায় তারা এ অভিমত ব্যক্ত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে 'আত্ম মূল্যায়নের মাধ্যমে' দলকে সামনে দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির নেতারা। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলের এক আলোচনা সভায় তারা এ অভিমত ব্যক্ত করেন। তবে দৃশ্যত বাস্তবতার আলোকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বললেও বিএনপি নেতারা নির্বাচনের ফল মেনে নেওয়ার ইঙ্গিত দেননি। তারা সংসদ নির্বাচনে বিএনপির বড় ধরণের পরাজয়কে 'বিদেশি ষড়যন্ত্রের' ফল হিসেবেই উল্লেখ করেছেন অনুষ্ঠানে। একাধিক বক্তা বলেন, 'বিদেশি ষড়যন্ত্রে' বিএনপি পরাজিত হলেও হতাশ হওয়ার কিছু নেই। আমাদের বিচ্যুতি সংশোধন করে সামনে এগুতে হবে। দলে প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩তম জন্মদিন উপলক্ষে বিএনপির সপ্তাহব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির প্রথম দিনের এ অনুষ্ঠানে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া দর্শকসারিতে বসে ছিলেন। সোমবার জিয়াউর রহমানের ৭৩তম জন্মদিন। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে আছে সোমবার সকাল ১০টায় শেরে বাংলা নগরে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ। খালেদা জিয়ার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেবেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আবারো অভিযোগ করেন, তার দলকে নির্বাচনে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। বিদেশিরা এ ষড়যন্ত্র করেছে বলে দাবি করেন তিনি। তারাই ২০০৭ সালের ১১ জানুয়ারি 'সৃষ্টি করেছে' বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। খোন্দকার দেলোয়ার সংসদে গিয়ে গঠনমূলক ভূমিকা রাখার প্রতিশ্র"তি দেন। সংসদের বাইরেও 'দেশের স্বার্থ বিরোধী' যেকোনো কাজের বিরুদ্ধে সোচ্চার থাকবেন বলেও জানান তিনি। দৃশ্যত আত্ম অনুসন্ধানের মৃদু ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "নির্বাচনে আমাদের কোনো বিচ্যুতি হলে তা থেকে সংশোধন হয়ে সামনের দিকে এগুতে হবে। আমাদের হতাশা কাটিয়ে উঠতে হবে।'' বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বিপুল সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধনের পথে না এগুনোর জন্য সরকারকে পরামর্শ দেন। দেশকে '৭২ এর সংবিধানে ফিরিয়ে নেওয়া হলে তা দেশের মানুষ মেনে নেবে না মন্তব্য করে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, "সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলতে দেওয়া হবে না।" ১৯৭২ এর সংবিধান সদ্য স্বাধীন বাংলাদেশের মূল সংবিধান যা বিশ্বের অন্যতম অগ্রসর সংবিধান হিসেবে পরিচিত ছিল। মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে এতে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের আদর্শ জাতীয় মূল আদর্শ হিসেবে গ্রহণ করা হয়েছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যা-পরবর্তী পরিস্থিতির ধারাবাহিকতায় ক্ষমতাসীন সেনাশাসক জিয়াউর রহমান সংবিধান সংশোধন করে 'বিসমিল্লাহ'যুক্ত করেন যা এদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহারের একটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বলে মনে করা হয়। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি বিএনপিপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত শওকত মাহমুদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন,'' ১/১১ জিয়ার আদর্শকে দুমড়ে-মুচড়ে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি।" খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি পুনর্গঠিত হয়ে দেশের মানুষের আশার প্রতিফলন ঘটাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, এম শামসুল ইসলাম, শিক্ষাবিদ মনিরুজ্জামান মিঞা ও অধ্যাপক আবু আহমেদ। পরে মিলনায়তনের বাইরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত জিয়াউর রহমান বিষয়ক এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০০৫ঘ.