২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পাঁচ আ. লীগ নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকজন প্রার্থীসহ চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

চাঁদপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকজন প্রার্থীসহ চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন- চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহজাহান পেদা, সহ-সভাপতি কাউসার মিয়াজী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য কায়কোবাদ চুন্ন মিয়া সরকার, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সেলিনা বেগম। শনিবার দুপুরে দলের উপজেলা কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আমাদের কাছে একটি চিঠি আসে। চিঠিতে উপজেলা নির্বাচনে দলের নির্দেশ অমান্যকারী বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।" সেই নির্দেশের আলোকে শনিবার দলের জরুরি সভায় উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী এই পাঁচ বিদ্রোহী নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।" মোতালেব জমাদার জানান, গত ৯ জানুয়ারি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগের একক প্রার্থী মনোনীত করার লক্ষ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোট নেওয়া হয়। এতে চেয়ারম্যান পদে উপজেলা সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহেদ হোসেন বেপারী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা বেগম মনোনীত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৪ ঘ.