২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জ্জা আজিজের কাছ থেকে পরিস্থিতির ধারণা নিলেন নতুন অর্থমন্ত্রী

ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ২ টাকা কমানোকে 'বাস্তবসম্মত' সিদ্ধান্ত বলে মনে করেন সদ্য বিদায় নেওয়া অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ২ টাকা কমানোকে 'বাস্তবসম্মত' সিদ্ধান্ত বলে মনে করেন সদ্য বিদায় নেওয়া অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। নতুন সরকারের এ সিদ্ধান্তকে সঠিক আখ্যা দিয়ে তিনি বলেছেন, এর সুবিধা কিছুটা হলেও কৃষকের কাছে যাবে। মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন মির্জ্জা আজিজুল ইসলাম। বৈঠক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, "এটি ছিল সাধারণ আলোচনা। উনি দেশের অর্থনীতির সার্বিক অবস্থা এবং কিছু কিছু চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চেয়েছিলেন।" সাবেক উপদেষ্টা জানান, তিনি রিজার্ভ, খাদ্য ও সারের মজুদ ভালো অবস্থায় আছে বলে মন্ত্রীকে জানিয়েছেন। মির্জ্জা আজিজুল বলেন, "জ্বালানির ক্ষেত্রে আমরা ৪৫০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ যুক্ত করেছি। যেগুলোর চুক্তি স্বাক্ষর করেছি সেগুলো হয়ে গেলে কয়েক মাসের মধ্যেই প্রায় ১১০০-সাড়ে ১১০০ মেগাওয়াট যুক্ত হবে।" প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 'অর্জনযোগ্য' বলে মন্তব্য করেন সাবেক উপদেষ্টা। তিনি বলেন, "মূল্যস্ফীতি মাঝারি অবস্থায় আছে। কিছুটা দুর্বলতা ছিল বিনিয়োগের ক্ষেত্রে। তবে বিনিয়োগ ও জিডিপির অনুপাত হ্রাস পায়নি। সামান্য বেড়েছে। হয়তো এটা আরেকটু বেশি বাড়লে ভালো হতো।" মির্জা আজিজ বলেন, চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি সরকারি প্রতিষ্ঠানের লোকসানসহ কিছু বিষয় সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ডিজেল ও কেরোসিনের মূল্য হ্রাস সম্পর্কে তিনি বলেন, "ব্যক্তিগতভাবে আমি স্বাগত জানাই যে ডিজেলের দাম খুব বড় রকমের কমানো হয়নি। দাম যদি আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় বেশি কম হয় তা হলে চোরাচালানের সম্ভাবনা থাকে। আরেকটি বিষয় হচ্ছে ডিজেল মোট উৎপাদন ব্যয়ের কতো অংশ। এটি দিয়ে ক্রেতারা কতটুকু উপকারী হবে। তবে আমি করি যে এটি বাস্তবসম্মত সিদ্ধান্ত।" তিনি পাট বা চিনি খাতের দক্ষতা আরও বাড়িয়ে সরকারি লোকসান কমানোর তাগিদ দেন। খাদ্য শস্যের দাম নির্ধারণের ক্ষেত্রে উৎপাদন ব্যয় ও কৃষকের নায্য দাম পাওয়ার দিকে নজর রাখার ওপর জোর দেন তিনি। আবুল মাল আবদুল মুহিত পরে বলেন, অর্থনীতি কি অবস্থায় আছে এবং এ ক্ষেত্রে কি কি সমস্যা আছে তা জানতেই সাবেক উপদেষ্টার সঙ্গে কথা বলেন তিনি। জ্বালানির দাম কমানোর প্রত্যাশিত সুফল কৃষকরা পাবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, "নিশ্চয়ই পাবে। এর সুবিধা কিছুটা যাবে কৃষকের কাছে। আমাদের তো আরও বিবেচনা করার বিষয় আছে। অর্থের সংস্থান একটু অসুবিধাজনক হতে পারে। সব কিছু বিবেচনা করেই এটা করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯৪৮ঘ.