ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যুক্তরাষ্ট্রে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে 'ঘুষের অর্থ' উদ্ধারে হওয়া মামলাকে উদ্দেশ্যমূলক বলে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
মামলাটি মার্কিন কর্তৃপক্ষ দায়ের করলেও বিএনপি মহাসচিব একে দৃশ্যত তাদের রাজনৈতিক প্রতিপক্ষের 'অপপ্রচার এর অংশবিশেষ' বলে দাবি করেন।
রোববার সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় খোন্দকার দেলোয়ার বলেন,'' এই মামলা উদ্দেশ্যমূলক। তারা জিয়া পরিবারের বিরুদ্ধে নানা কাহিনী সাজিয়ে অপপ্রচার চালানোর যে অবস্থা সৃষ্টি করেছে, এটা সেই প্রোপাগান্ডারই অংশ বিশেষ। ''
প্রসঙ্গত, শনিবার খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর সিঙ্গাপুর ব্যাংক হিসাবে জমাকৃত ৩ মিলিয়ন ডলার ( ২০ কোটি টাকা) ফেরত পেতে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কোর্টে মামলা দায়ের হয়। এ টাকা তাকে কাজ পাওয়ার জন্য ঘুষ হিসেবে দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
কথিত আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত নেত্রকোনার জনৈক আজিজুল ইসলামকে দেখতে রোববার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেলোয়ার কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে কোকোর কথিত ঘুষ হিসেবে নেওয়া প্রায় ২০ কোটি ডলার সম্পর্কে বলেন, ''এটা অপপ্রচার। কাজ পাইয়ে দেওয়ার জন্য কেন ঘুষ দেবে। মামলায় ঘুষ যারা দিয়েছে, তার কোনো প্রমাণ মেলেনি।''
নির্বাচনের পর সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার নিন্দা প্রকাশ করে তিনি বলেন,'' দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলেছেন, তাতে সন্ত্রাসীদের উস্কে দেওয়া হয়েছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।"
আওয়ামী লীগের 'অতীত স্বভাব' পাল্টায়নি বলেও মন্তব্য করেন দেলোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮৫৬ঘ.
bdnews24