ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নির্বাচনের পর থেকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও সন্ত্রাস অব্যাহতভাবে চলার অভিযোগ করে দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, দেশ 'দুষ্কৃতকারীদের স্বর্গরাজ্যে' পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার এক বিবৃতিতে দেলোয়ার বলেন, "একদিকে সরকারি দলের সন্ত্রাসীরা বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, অন্যদিকে সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন।"
সন্ত্রাসের পথ পরিহার করে 'গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল' হওয়ার জন্য ক্ষমতাসীন জোটের প্রধান দল আওয়ামী লীগের প্রতি আহবান জানান তিনি।
বিএনপি মহাসচিবের বিবৃতিতে অভিযোগ করা হয়, ৯ জানুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নোয়াখালীর চাটখিলে নির্বাচনী জনসভা শেষে ফেরার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির মিছিলে হামলা চালায়। ডুমুরিয়া গ্রামেও বিএনপির মিছিলে হামলা হয়।
একইভাবে নারায়ণগঞ্জের আড়াইহাজার, নেত্রকোনার কেন্দুয়া, ভোলার চরফ্যাশনেও বিএনপি কর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, "স্থানীয় পর্যায়ে সর্বত্র বিএনপির নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এতে অনেকে এলাকা ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন।"
এসব ঘটনাকে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হওয়ার 'আলামত' বলে উল্লেখ করে দেলোয়ার বলেন, "বিভিন্ন মহল থেকে নিন্দা-প্রতিবাদ জানানো সত্ত্বেও আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করেনি। বরং সন্ত্রাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এসকে/১৯৩৩ঘ.
bdnews24