২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করায় জটিলতার আশঙ্কা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের আগ্রহ দেখালেও বিএনপিসহ চার দলীয় জোটের নির্বাচিতরা এখনও সাংসদ হিসেবে শপথ না নেওয়ায় তা কঠিন হয়ে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 04:54 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের আগ্রহ দেখালেও বিএনপিসহ চার দলীয় জোটের নির্বাচিতরা এখনও সাংসদ হিসেবে শপথ না নেওয়ায় তা কঠিন হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন বিরোধী দল থেকে কাউকে ডেপুটি স্পিকার করতে হলে 'দ্বিতীয় ডেপুটি স্পিকারের' পদ সৃষ্টি করতে হবে এবং এজন্য সংবিধান সংশোধন করতে হবে। বিএনপি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে তারা শপথ নেবে এবং প্রথম অধিবেশন থেকেই সংসদে থাকবে। কিন্তু ৭ জানুয়ারি পর্যন্ত সংবিধান নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় তাদের শপথ নেওয়ার জন্য একজন নতুন স্পিকার নির্বাচিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী ২৫ জানুয়ারি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৬ দিনের মধ্যে বিদায়ী স্পিকার জমিরউদ্দিন সরকার বা প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার কাছ থেকে শপথ না নেওয়ায় প্রথম দিনের অধিবেশনে যোগই দিতে পারবে না চার দলীয় জোটের সাংসদরা। আওয়ামী লীগ নেতা ও সরকারি দলের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুসরণ করে এখনও শপথ নেননি চার দলের সাংসদরা। কাজেই প্রথম দিন তারা অধিবেশনে যোগ দিয়ে স্পিকার বা ডেপুটি স্পিকার নির্বাচনে অংশ নিতে পারছেন না।" এ অবস্থায় সংবিধানের বাধ্যবাধকতা মেনে প্রথম দিনের অধিবেশনে সরকারি দল থেকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করতে হবে বলে মত দেন তিনি। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্বপালনকারী সুরঞ্জিত বলেন, "তাদের (চার দলীয় জোটের সাংসদরা) এখন শপথ নেওয়ার জন্য নতুন স্পিকার নির্বাচিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে বলা হয়েছে, একজন সাংসদকে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হওয়ার পর তিন দিনের মধ্যে বিদায়ী স্পিকারের কাছ থেকে শপথ নিতে হবে। এই তিন দিনের মধ্যে তারা শপথ না নিলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পড়াবেন। এই বিধি অনুযায়ী ১ জানুয়ারি ফলাফলের গেজেট জারির পর ৪ তারিখের মধ্যে বিদায়ী স্পিকার জমিরউদ্দিন সরকারের কাছ থেকে শপথ নেওয়ার সময় নির্ধারিত ছিল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটভুক্ত দলগুলো, এলডিপি এবং স্বতন্ত্র সাংসদরা ওই তারিখের মধ্যে শপথ নিলেও বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের ৩০ সাংসদ তা করেননি। এরপর ৭ তারিখ পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে শপথ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু ওইদিনও শপথ না নিয়ে বরং রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বিএনপি পরে শপথ নেবে এবং প্রথম অধিবেশন থেকেই সংসদে যোগ দেবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করার বক্তব্যকেও স্বাগত জানায় দলটি। একজন সাংসদ অধিবেশন শুরুর পর ৯০ কার্যদিবসের মধ্যে শপথ না নিলে সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী তার পদ বাতিল হয়ে যাবে। এদিকে সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী, নবম সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। কাজেই বিএনপি সে অধিবেশনে যোগ দিতে না পারলে বিরোধী দল থেকে স্পিকার নির্বাচনের বিষয়টিও জটিল হয়ে যাবে। জাতীয় সংসদের একজন সাবেক হুইপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ অবস্থায় বিএনপির কোনো সাংসদকে ডেপুটি স্পিকার করতে হলে সংবিধান সংশোধন করে দ্বিতীয় ডেপুটি স্পিকার পদ সৃষ্টি করতে হবে। বিএনপির সাংসদরা শপথ নেওয়ার পর তাদের কাউকে ওই পদে নিয়োগ দেওয়া যাবে।" বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনকারী দল আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল, সংসদকে কার্যকর করার জন্য তারা ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের কাউকে নির্বাচিত করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এসকে/২২৫৩ঘ.