ঢাকা জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )-- সংসদের প্রথম অধিবেশনেই যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে উদ্যোগ নিতে হবে। স্বাধীনতার শত্র"কে পুরোপুরি নিধন করা না গেলে তারা আবার উজ্জীবিত হয়ে আঘাত হানতে পারে।
শুক্রবার বিকালে মুক্তিযুদ্ধ যাদুঘরে স্বাধীনতার সপক্ষের শক্তিকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ায় সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষ থেকে জনগণকে অভিনন্দন জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ মত দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাত্তরের রণাঙ্গণে নেতৃত্বদানকারীদের এ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল (অবঃ) কে এম শফিউল্লাহ। বক্তব্য দেন লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মীর শওকত আলী, লেঃ জেঃ (অবঃ) হারুন অর রশিদ, কর্ণেল (অবঃ) আবু ওসমান চৌধুরী।
কে এম শফিউল্লাহ বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার এখন সারাদেশের দাবি। যতদিন এদের বিচার না হয়, ততদিন আমাদের কাজ শেষ হবে না। সমগ্র বাংলাদেশে এই সংগঠন আমরা ছড়িয়ে দেব।"
তিনি নবনির্বাচিত সাংসদদের যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করেন।
মীর শওকত আলী বলেন, "এই সরকার আসায় মনে হলো আমরা পুনরায় স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা রক্ষায় সেক্টর কমান্ডারস ফোরাম কাজ করছে। সংসদের প্রথম অধিবেশনেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"
যুদ্ধাপরাধীদের বিষয়ে প্রমাণ সংগ্রহ করার তাগিদ দিয়ে তিনি জানান, এ বিষয়ে সেক্টর কমান্ডারস ফোরামের একটি টিম কাজ করছে। অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে এই টিমকে সহায়তার জন্যে আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, "বর্তমান সরকারের উচিত জঙ্গিবাদের মূল খুঁজে বের করা। সকলে জানে, এই জঙ্গিদের পেছনে কারা রয়েছে। তাদের বিরুদ্ধে এখনি ব্যবস্থা নেওয়া দরকার।"
আওয়ামী লীগের ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্র"তির উল্লেখ করে হারুন অর রশিদ বলেন, "এখন সেটা হবে বলে আমরা আশা করছি। জনগণ রায় দিয়ে বলেছে, তারা যুদ্ধাপরাধীদের বিচার চায়।"
হারুন অর রশিদ বলেন, "এজন্যে ১৯৭৩ সালের দালাল আইন পুনরুজ্জীবিত করা যেতে পারে। এছাড়া সংসদে সকলের সাথে আলোচনার মাধ্যমে নতুন আইন করা যায়। এখনই সেজন্য একটি কমিটি গঠন করা যেতে পারে।"
আবু ওসমান চৌধুরীও প্রথম অধিবেশন থেকেই যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ফোরামসংশ্লিষ্টরা জানান, দেশের তৃণমূল পর্যায়ে ও বিদেশে সেক্টর কমান্ডারস ফোরামের শাখা খোলা হবে। এছাড়া নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার জন্যেও কাজ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/১৯২০ঘ.
bdnews24