ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাজ সোহেল (সোহেল তাজ) বলেছেন, সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে।
পুলিশ বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। কোন প্রকার সন্ত্রাস ও নৈরাজ্য সহ্য করা হবে না। সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে পুলিশ বাহিনীকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।"
সোহেল তাজ বৃহস্পতিবার তার কার্যালয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।
মন্ত্রী জানান তিনি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তাদের স্বাধীনভাবে ও পেশাদারী মনোভাব নিয়ে কাজ করার তাগিদ দিয়েছেন। এ ব্যাপারে কোন প্রকার শৈথিল্য গ্রহণযোগ্য হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
জঙ্গী তৎপরতা রোধে সরকারের অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "দেশের মানুষ নির্বাচনে জঙ্গীবাদের বিরুদ্ধে তাদের রায় দিয়েছে। তাই সরকারও কঠোরভাবে জঙ্গী তৎপরতা রোধে কাজ করবে। প্রয়োজনে এ জন্য যৌথ টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনা করা হবে। কোনভাবেই জঙ্গীদের সক্রিয় হতে দেওয়া হবে না।"
'যৌথ টাস্কফোর্স' এর গঠন সম্পর্কে তিনি বিশদ কিছু জানাননি।
পুলিশ সংস্কার কর্মসূচি প্রসঙ্গে সোহেল তাজ বলেন, " পুলিশ সদস্যদের জীবন-যাত্রার মান আরো উন্নত করা না গেলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ সফল করা সম্ভব নয়।"
নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পরদিন সোহেল তাজ বৃহস্পতিবার সরকারি ছুটির দিনেও তার কার্যালয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এসকে/১৬৩২ঘ.
bdnews24