২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় হিযবুত তাওহিদের দুই সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর থেকে জিহাদী বই ও প্রচারপত্রসহ হিযবুত তাওহিদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মাসুদা খাতুন ও তার ভাই মোস্তফা সরদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 04:22 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

সাতক্ষীরা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর থেকে জিহাদী বই ও প্রচারপত্রসহ হিযবুত তাওহিদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মাসুদা খাতুন ও তার ভাই মোস্তফা সরদার। মাসুদার হেফাজত থেকে দাজ্জাল, ইহুদি খৃষ্টান সভ্যতা, ইসলামের প্রকৃত সালাহ্, হিযবুত তাওহিদের আন্দোলনের নির্দেশাবলী নামের বই এবং প্রচারপত্র ও শতাধিক সিডি উদ্ধার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল সুমিত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে বসন্তপুরের মুনসুর সরদারের বাড়িতে তল্লাশী চালিয়ে পুলিশ তার দুই ছেলে-মেয়ে হিযবুত তাওহিদ সদস্য মাসুদা খাতুন ও মোস্তফা সরদারকে আটক করে। এএসপি সুমিত আরও জানান, বসন্তপুরে হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) সন্দেহভাজন আস্তানার সন্ধানে অভিযান চালাতে গিয়ে সেনাবাহিনীর ব্যবহৃত কাপড়ের প্যান্ট পরিহিত যুবক মোস্তফাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী মাসুদাকে গ্রেপ্তার করা হয়। গত ছয় বছর যাবত কয়েকশ মুজাহিদ নিয়ে এলাকায় কাজ করে আসছে বলে মাসুদা পুলিশকে জানায়। এএসপি আরও জানান, সাতক্ষীরার কালিগঞ্জে দুই মাস প্রশিক্ষণ নিয়ে হরকাতুল জিহাদের ছয় সদস্য শেখ হাসিনার প্রাণ নাশ চেষ্টায় তার পিছু নিয়েছে- এমন একটি খবরের পরিপ্রেক্ষিতে পুলিশ ও গোয়েন্দা বিভাগের তথ্য অনুসরণ করে মঙ্গলবার বসন্তপুরে এই অভিযান চালায়। বসন্তপুরের সূর্যবেগম হাফিজিয়া মাদ্রাসার পাশে অবস্থিত বাড়ি থেকেই মাসুদা সংগঠন পরিচালনা করত। তার বড় ভাই মোফাজ্জল সরদার হিযবুত তাওহিদের জেলা আমির বলে সে পুলিশকে জানায়। পুলিশ সুপার আবু সুফিয়ানের কার্যালয়ে মাসুদা জানায়, তার সংগঠনের বাংলাদেশ আমির বায়েজিদ খান পন্নী। তাদের সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই বলেও জানায় সে। ২০০৭ সালের ১৭ মে কালিগঞ্জের সোদপুর গ্রাম থেকে হিযবুত তাওহিদের রেশমা, রেহেনা, খাদিজা ও সংগঠনের নেতা মিজানুর রহমান টিটুকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। সে সময়ও তাদের কাছে সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২১ ঘ.