২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সক্লুসিভ 'সংসদীয় স্বৈরতন্ত্রের' আশঙ্কা জমিরউদ্দিন সরকারের

নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট অধিকাংশ আসনে বিজয়ী হওয়ায় দেশে 'সংসদীয় স্বৈরতন্ত্র' প্রতিষ্ঠা পেতে পারে বলে আশঙ্কা করছেন বিদায়ী স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার। শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কামরান রেজা চৌধুরীকে দেওয়া এক সাক্ষাৎকারে দৃশ্যত হতাশ এই বিএনপি নেতা জানান, আগামীতে আর কোনো নির্বাচনে তিনি দাঁড়াবেন না। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2009, 05:53 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট অধিকাংশ আসনে বিজয়ী হওয়ায় দেশে 'সংসদীয় স্বৈরতন্ত্র' প্রতিষ্ঠা পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিদায়ী স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার। শনিবার মহাজোটের সাংসদদের শপথ অনুষ্ঠানের পর নিজের কার্যালয়ে বসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। অবশ্য 'প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হলে' বিএনপি ও জামায়াতের ৩১ সাংসদ সংসদে মহাজোটের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। বিদায়ী স্পিকার বলেন, "তারা (বিএনপি-জামায়াত জোট) সংসদে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবেন বলেই আমি মনে করি।" বিএনপির এই সাবেক মন্ত্রী বলেন, "সরকারি দল যদি সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করে এবং সংসদের বাইরে তাদের ওপর নির্যাতন চালায় তাহলে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর জনগণের কোনো আস্থা থাকবে না।" জমিরউদ্দিন সরকারসহ বিএনপির অধিকাংশ প্রভাবশালী নেতা গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন। নির্বাচনের ফলাফলে পুরোপুরি হতাশ জমিরউদ্দিন জানান, আগামী আর কোনো নির্বাচনে তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, ছেলেকেও এ ব্যাপারে উৎসাহ দেবেন না। তিনি বলেন, "আমি আর কোনো নির্বাচনে দাঁড়াব না। আমার ছেলেকেও এ ব্যাপারে নিরুৎসাহিত করব। "আমি একজন ব্যরিস্টার। আইন পেশাতেই ফিরে যাব।" তবে বিএনপির ভবিষ্যত নিয়ে জমিরউদ্দিন সরকার যথেষ্ট আশাবদী। সামনের দিনগুলোতে বিএনপির ওপর নির্যাতন হলে এবং বিএনপি এর বিরুদ্ধে কোনো ধর্মঘট ডাকলে তাতে সমর্থন দেবেন বলেও জানান তিনি। বিদায়ী স্পিকার বলেন, "এটা (ধর্মঘট ডাকা) তাদের সাংবিধানিক অধিকার।" "তবে গাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষকে আক্রমণ বা হত্যা কিংবা অসাংবিধানিক কোনো কার্যকলাপে কোনোভাবেই জড়িত হওয়া চলবে না।"- বলেন তিনি। জমিরউদ্দিন বলেন, বিরোধী দল ধর্মঘট বা হরতাল ডাকলে জনগণ তাদের কার্যকলাপ দেখে বিচার করে এবং গণতান্ত্রিকভাবে তাদের সিদ্ধান্ত জানায়। বিদায়ী স্পিকার জানান, একজন 'রাজনীতিবিদ' হিসেবে তিনি হতাশ। "এখন কালো টাকাই রাজনীতিকে নিয়ন্ত্রণ করে।"- বলেন তিনি। বিএনপি'র টিকেটে পঞ্চগড়-১ আসন থেকে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত জমিরউদ্দিন সরকার দাবি করেন, সংসদের অভিভাবক (স্পিকার) হিসেবে তিনি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছেন। দায়িত্বে থেকেও বিভিন্ন সময় আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দিয়ে সমালোচিত হওয়া বিদায়ী স্পিকার বলেন, "তাদের (আওয়ামী লীগ) মধ্যে সুবিবেচনাবোধ জাগ্রত না হলে ভবিষ্যতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।" এবারের 'আণুবীক্ষণিক' বিরোধী দলকে সংসদে তাদের দায়িত্ব পালন করার সুযোগ আওয়ামী লীগের দেওয়া উচিৎ বলেও মন্তব্য করেন জমিরউদ্দিন সরকার। গত ২৯ ডিসেম্বর ২৯৯টি সংসদীয় আসনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৩০টি আসনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি ও ওয়ার্কার্স পার্টি ২টি আসন পায়। সেই হিসেবে মহাজোটের মোট আসন সংখ্যা ২৬২। অন্যদিকে বিগত সরকারে থাকা চারদলীয় জোটের বিএনপি ও তার মিত্ররা পায় ৩২টি আসন। এর মধ্যে বিএনপির আসন সংখ্যা ২৯টি। অন্য শরিক জামায়াতে ইসলামী ২টি ও বাংলাদেশ জাতীয় পার্টি ১টি আসন পায়। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৪টি আসন পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/জেকে/০০৪০ ঘ.