ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার বলেছেন, নবম জাতীয় সংসদ নির্বাচনের গেজেট সংসদ সচিবালয়ে পৌঁছানোর পর শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য ২৪ ঘণ্টা সময় প্রয়োজন।
গেজেট শুক্রবার সংসদ সচিবালয়ে পৌঁছালে রোববারই শপথ নিতে পারবেন নবনির্বাচিত সাংসদরা।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্পিকার আরো বলেন, নবনির্বাচিত সাংসদদের অধিকাংশই নিজেদের নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। তাদের ঢাকায় আসার জন্য সময় দিতে হবে। অনুষ্ঠানের সময়সূচি তাদের জানানোর জন্যও সংসদ সচিবালয়ের অন্তত ২৪ ঘণ্টা সময় দরকার বলে মন্তব্য করেন তিনি।
এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারি সচিব ফরহাদ আহম্মদ খান বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট বৃহস্পতিবার জারি করা হয়েছে।
তিনি বলেন, "২৯৯ টি আসনে বিজয়ীদের গেজেট সন্ধ্যায় জারি করে বিজি প্রেসে পাঠানো হয়েছে।"
জমিরউদ্দিন সরকার বলেন, "আমি চাই, গণতন্ত্রের স্বার্থে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যতো দ্রুত সম্ভব চলে যাক এবং নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করুক। "
স্পিকার জানান, আওয়ামী লীগ শনিবারই শপথ নিতে আগ্রহী।
সংবিধানের ১৪৮ ধারায় বলা হয়েছে, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর তিন দিনের মধ্যে স্পিকার নবনির্বাচিত সাংসদদের শপথ পড়াবেন। স্পিকার কোনো কারণে শপথ অনুষ্ঠান পরিচালনায় ব্যর্থ হলে পরবর্তী তিন দিনের মধ্যে তা করবেন প্রধান নির্বাচন কমিশনার ।
শপথ অনুষ্ঠানের প্রস্তুতি
এদিকে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, শপথ অনুষ্ঠানের প্রস্তুতির কাজ পুরোদমে চলছে। সংসদ ভবনের ভেতরের কক্ষগুলো ও আশেপাশের এলাকায় ধোয়ামোছার কাজ চলছে। এ জন্য শুক্রবারও সংসদ সচিবালয় খোলা রাখা হবে।
সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে।
গত ২৯ ডিসেম্বর ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৩০টি আসনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি ২৭টি, জাসদ দুটি ও ওয়ার্কার্স পার্টি ২টি আসন পেয়েছে। সেই হিসেবে মহাজোটের মোট আসন সংখ্যা ২৬২।
অন্যদিকে বিগত সরকারে থাকা চারদলীয় জোটের বিএনপি ও তার মিত্রদের নির্বাচনী বিপর্যয় ঘটেছে। তারা এবার পেয়েছে মাত্র ৩২টি আসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএইচসি/জেকে/এসকে/২০৪৯ঘ.
bdnews24