২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটা ভালো লক্ষণ নয়: সুরঞ্জিত

শেখ হাসিনার জামিন আবেদন হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সোমবার বলেছেন, এটা ভালো লক্ষণ নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 08:49 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার জামিন আবেদন হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সোমবার বলেছেন, এটা ভালো লক্ষণ নয়। শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেয়া হলে আওয়ামী লীগ রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। সকালে হাইকোর্ট ব্যবসায়ী নূর আলীর করা চাঁদাবাজি মামলায় শেখ হাসিনার জামিনের আবেদন খারিজ করে দেয়। অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত তত্ত্বাবধায়ক সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, "শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিন। তা না হলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমাদের রাজপথের দিকে ঠেলে দেবেন না।" আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আমির হোসেন আমু বলেন, "আগামী নির্বাচনের ফল আওয়ামী লীগের পক্ষে আসবে বুঝতে পেরেই একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের কারণেই ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল।" আমু বলেন, "১৮ ডিসেম্বরের নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলা জনগণ বরদাশত করবে না। নির্বাচন ব্যাহত হলে দেশে দুর্যোগ নেমে আসবে।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, "সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও নির্বাচন নিয়ে এখনো শঙ্কা কাটেনি।" সুরঞ্জিত সেনগুপ্ত অভিযোগ করেন, নির্বাচনকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার জন্যই বিএনপি কর্মসূচি দিয়েছে। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট গত রোববার উপজেলা নির্বাচন পেছানোসহ ৫ দফা দাবিতে আগামী ১২ অক্টোবর সারাদেশে সমাবেশের কর্মসূচি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/১৪৪৩ ঘ.