ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচন পেছানোসহ ৫ দফা দাবিতে ১২ অক্টোবর সারাদেশে সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট।
রোববার জোটের এক বৈঠকের পর বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য ঘোষিত পাঁচ দফা পূরণ জরুরি বলে জোট নেতারা দাবি করছেন।
চার দলের দাবিগুলো হচ্ছে- উপজেলা নির্বাচনের তারিখ পুনর্র্নিধারণ, জরুরি অবস্থা প্রত্যাহার, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বাতিল, গ্যাটকো-নাইকো-বড়পুকুরিয়ার খনি দুর্নীতি মামলা প্রত্যাহার এবং ঈদের আগেই জোটের আটক সব নেতা-কর্মীর মুক্তি।
সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে নিজের বাসায় জোটের বৈঠকের পর খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "নির্বাচন সুষ্ঠু হলে চার দলীয় জোট তাতে অংশ নেবে। আমরা মনে করি, সুষ্ঠু ও সব দলের অংশ নেওয়ার মধ্য দিয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকার ও নির্বাচন কমিশনকে কিছু কাজ করতে হবে। এ জন্য আমরা ৫ দফা দাবি তুলে ধরেছি।"
চার দল ১২ অক্টোবর ঢাকাসহ সারাদেশের সভা-সমাবেশের কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।
আগামী ১৮ ডিসেম্বর সংসদ এবং ২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের তারিখ ইতোমধ্যে ঘোষণা করেছে সরকার ও নির্বাচন কমিশন। কাছাকাছি সময়ে দুটি নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও আপত্তি এসেছে।
দাবি পূরণ না হলে কী হবে- প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, "আমরা ৫ দফা দাবি দিয়েছি। এখন সরকার ও নির্বাচন কমিশন কী করে, তা দেখতে চাই। তাদের অবস্থান দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।"
খোন্দকার দেলোয়ারের সভাপতিত্বে জোটের মহাসচিব পর্যায়ের ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান, মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৪৮ ঘ.
bdnews24