ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় জিল্লুর রহমান বলেছেন, এ ব্যবস্থা থাকবে কি না- তা সময়ই বলে দেবে।
আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বর্তমান সরকারের 'ন্যায়সঙ্গত' সব কর্মকাণ্ডের বৈধতা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। উপজেলা নির্বাচন এক মাস পেছানোর দাবিও জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার জিল্লুর রহমানের সঙ্গে তার গুলশানের বাসায় গিয়ে দেখা করেন। ১৯৮০ সালের ২৬ সেপ্টেম্বর এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
সাংস্কৃতিক জোট নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জিল্লুর রহমান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি প্রথমে তা এড়িয়ে যান।
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিসহ একটি জাতীয় দৈনিক এবং একটি বেসরকারি টিভি চ্যানেলের তিন সাংবাদিক জিল্লুর রহমানকে পুনরায় প্রশ্ন করলে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কি না বা কোনও রকম পরিবর্তন করা হবে কি না, তা সময়ই বলে দেবে। টাইম উইল স্পিক।"
তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক হলেও ভবিষ্যতে এ ধরনের সরকারের বিষয়ে সংশয় প্রকাশ করে ফখরুদ্দীন আহমদ গত বুধবার যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, "তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক সরকার। কিন্তু ভবিষ্যতে এর প্রয়োজনীয়তা থাকবে কিনা, তা চিন্তা-ভাবনার সুযোগ রয়েছে। তবে আমি বিশ্বাস করি, তত্ত্বাবধায়ক সরকার কোনও স্থায়ী সমাধান নয়। নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশ পরিচালিত হওয়া উচিত।"
আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় গেলে বর্তমান সরকারের কর্মকাণ্ডে বৈধতা দেবে কিনা- প্রশ্ন করা হলে জিল্লুর বলেন, "আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এই সরকারের অত্যন্ত ন্যায়সঙ্গত ও জনগণের জন্য কল্যাণমূলক সব কর্মকাণ্ডকে আমরা বৈধতা দেব।"
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাসখানেক পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতায় গেলে সরকারের সব কর্মকাণ্ডের বৈধতা দেওয়ার ঘোষণা দেন। কিন্তু দলীয় নেতাদের গ্রেপ্তার আর শেষে নিজেও গ্রেপ্তার হওয়ার পর এক পর্যায়ে সরকারবিরোধী অবস্থান নেন হাসিনা। তবে চিকিৎসার জন্য সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা নির্বাচন অন্তত এক মাস পেছানোর দাবি জানিয়ে বলেন, "কাছাকাছি সময়ে দুটি নির্বাচন হলে তৃণমূল নেতারা এবং তাদের পরিবারের সদস্যরা উপজেলা নির্বাচন নিয়েই ব্যস্ত থাকবে। তারা সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারে অংশ নিতে পারবে না। ফলে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে।"
সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন হবে। উপজেলা নির্বাচন হবে দুই পর্যায়ে ২৪ ও ২৮ ডিসেম্বর।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে জিল্লুর বলেন, "নেত্রীর (শেখ হাসিনা) অবর্তমানে আমরা খুব বিপদে আছি। কখন কী করতে হবে, তা আমরা বলে দেব। আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।"
শেখ হাসিনার স্থায়ী মুক্তি দাবি করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "এ পর্যন্ত তিনি (হাসিনা) যে রাজনীতি করেছেন, তাতে কোনও ভুল নেই। দেশের মানুষের ক্ষতি হবে এমন কোনও কাজ তিনি করেননি।"
হাসিনাসহ আটক রাজনৈতিক নেতাদের মুক্তি দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান জিল্লুর রহমান। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিক নয়- এ অভিযোগ করে বাজার পরিস্থিতি সহনীয় করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩৩০ ঘ.
bdnews24