ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একইদিনে জাতীয় ও উপজেলা নির্বাচন হলে পোলিং এজেন্টদের স্থান সঙ্কুলান নিয়ে সমস্যা হতো বলেই সরকার ও নির্বাচন কমিশন ওই পরিকল্পনা থেকে সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
মঙ্গলবার তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর এমন কিছু করা উচিত হবে না, যাতে মানুষ মনে করে যে দলগুলো উপজেলা নির্বাচন চায় না।
সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে 'জাতীয় নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্পে'র জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার উপদেষ্টার সভাপতিত্বে ওই সভায় মেয়র সাদেক হোসেন খোকা, সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক, রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বরিশালের মেয়র শওকত হোসেন হিরণ, পাঁচটি পৌরসভার মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, "জাতীয় ও উপজেলা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠানের ব্যাপারে আমার একটি প্রস্তাব ছিল। কিন্তু পরে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করে বিভিন্ন সমস্যা দেখা গেল। নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে শক্তি বৃদ্ধির জন্য অনেক সময় 'ডামি বা নকল প্রার্থী' দিয়ে পোলিং এজেন্টের সংখ্যা বাড়ানো হয়। এ কারণে একসঙ্গে দুই নির্বাচন হলে কেন্দ্রে স্থান সঙ্কুলান সম্ভব নয়।"
তিনি বলেন, "নির্বাচন কমিশন নির্বাচন করবে, সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে। সরকার তো আর নির্বাচন করবে না। তাই দলগুলোকে সাধারণ মানুষের কথা ভেবেই সিদ্ধান্ত নিতে হবে।"
সভার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, দেশে এক সময় বিভিন্ন চ্যারিটি হাসপাতালের মাধ্যমে গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার ব্যবস্থা হতো। কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় এসব হাসপাতাল নিজের নিয়ন্ত্রণে নেয়। পরে বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় দেশের পাঁচটি সিটি করপোরেশন ও বিভিন্ন পৌরসভা এলাকায় নতুন প্রকল্পের মাধ্যমে কিছু ক্লিনিক চালু করা হয়েছে। আগামীতে সব সিটি করপোরেশন ও পৌরসভায় নগর স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার চিন্তা ভাবনা চলছে।
উপদেষ্টা জানান, মেয়রদের নিজ নিজ এলাকার বেসরকারি সংস্থা ও নাগরিকদের সঙ্গে আলোচনা করে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করার পরামর্শ দেয়া হয়েছে। তাদের কাছে থেকে পাওয়া প্রস্তাব অনুযায়ী মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পরে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল তার কার্যালয়ে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা এবং নবনির্বাচিত চার সিটি মেয়রের সঙ্গে মতবিনিময় করেন।
উপদেষ্টার কক্ষে মতবিনিময়ের আগে নববিনর্বাচিত চার সিটি করপোরেশনের মেয়ররা সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের মধ্যে মাত্র ৫দিনের ব্যবধান যথেষ্ট বলে মনে করেন না তারা।
সিলেটের বদরউদ্দিন আহমদ কামরান বলেন, "প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনের ঘোষণা ইতিবাচক। তবে দুই নির্বাচনের মধ্যে মাত্র পাঁচ দিনের পার্থক্য যথেষ্ট নয়। এ জন্য অন্তত একমাস সময় প্রয়োজন।"
খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, "দুই নির্বাচন একসঙ্গে হলে উপজেলা নির্বাচনের প্রার্থীরা বেশি সমস্যায় পড়বেন। কারণ জাতীয় নির্বাচনের দুদিন আগেই নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে। এ সময় উপজেলা নির্বাচনের প্রার্থীরাও প্রচারণা চালাতে পারবেন না। এতে তারা ক্ষতিগ্রস্ত হবেন।"
রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বরিশালের মেয়র শওকত হোসেন হিরণও দুই নির্বাচনের মধ্যে আরো সময় রাখার পক্ষে মত দেন।
অবশ্য বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে উপজেলা নির্বাচন এক মাস পিছানোর দাবি জানানো হলে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সাফ জানিয়ে দিয়েছেন, উপজেলা নির্বাচন পিছানো হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/১৯৩৬ ঘ.
bdnews24