২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে সাবেক সেনাকর্মকর্তাসহ নেতাদের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে সোমবার বিকালে সাবেক সাংসদ, অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের তিনটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। সাংবাদিক শফিক রেহমানের ইস্কাটনে বাসায় আলাদাভাবে তারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সঙ্গে সোমবার বিকালে সাবেক সাংসদ, অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের তিনটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। সাংবাদিক শফিক রেহমানের ইস্কাটনে বাসায় আলাদাভাবে তারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন। সাক্ষাৎ শেষে এদের অনেকে জানান, খালেদা জিয়া তাদের এলাকায় গিয়ে মাঠ পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য তাগিদ দিয়েছেন। জামিনে মুক্তি পাওয়ার পর ইস্কাটনের এই বাসায় খালেদা গত এক সপ্তাহে নেতা-কর্মীদের সঙ্গে কয়েকটি বৈঠক করছেন। ১৬ সদস্যের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে লে. কর্নেল মো. আবদুল খালেক সাংবাদিকদের বলেন, ''ম্যাডাম আমাদের নিজ নিজ এলাকায় গিয়ে দলকে শক্তিশালী করতে বলেছেন। আগামী নির্বাচনে যোগ্য, সৎ ও জনপ্রিয় প্রার্থীকেই মনোনয়ন দেবেন বলে তিনি আমাদের জানিয়েছেন।'' দলে ছিলেন ব্রিগ্রেডিয়ার জেনারেল নাসির উদ্দিন সারওয়ার, কর্নেল মো. শাহজাহান মিয়া, লে. কর্নেল আবদুল লতিফ খান, লে. কর্নেল এ এইচ এম রুহুল ইসলাম, লে. কর্নেল বদিউর রহমান, লে. কর্নেল আবদুল কাদের, লে. কর্নেল মো. শহিদুল্লাহ, মেজর এম সাহাবুদ্দীন, মেজর হানিফ উদ্দিন শেখ, মেজর নিয়াজ আহমেদ জাবের, মেজর এম আশরাফুজ্জামান, মেজর ফারুক আহমেদ, মেজর সাইদ আবু বকর ছিদ্দিক প্রমুখ। ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা মুহীউদ্দিন খান ও মহাসচিব আবদুল লতিফ নেজামীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলও বিকালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। মাওলানা মুহীউদ্দিন খান সাংবাদিকদের বলেন, ''নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। চার দল আগামী নির্বাচনে অংশ নেবে। জোটের আসনবণ্টনের বিষয়টি দ্রুত সুরাহা করতেও আমরা নেত্রীকে পরামর্শ দিয়েছি।'' ইসলামী ঐক্যজোট ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের প্রতিনিধিদলের সাক্ষাতের সময়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদুল্লাহ খান, কারাবন্দি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর স্ত্রী সুরাইয়া আখতার চৌধুরী, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, সাবেক সাংসদ রাবেয়া চৌধুরী, খালেদা রাব্বানী, শিরিন সুলতানা, ফাহিমা হোসাইন জুবলিসহ মহিলা দল, এম এ মালেক ও বাবুল আহমেদের নেতৃত্বে জাসাস, বিএনপি নেতা আহমেদ নজিরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খালেদার সঙ্গে সাক্ষাৎ করেন। খালেদা জিয়া ইফতার শেষে শহীদ মইনুল সড়কের বাসায় চলে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২০৩৯ ঘ.