২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত ইসির সঙ্গে বসেছে বিএনপি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শেষ দিনে শনিবার বেলা ১১ টা ৫০ মিনিটে জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 05:55 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শেষ দিনে শনিবার বেলা ১১ টা ৫০ মিনিটে জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে। প্রতিনিধি দলটি সকাল ১১টা ২৮ মিনিটে কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষেই বসে। নানা বিতর্ক ও দেনদরবারের পর ইসির সঙ্গে মূলধারার বিএনপির এটিই প্রথম বৈঠক। গত বছরের নভেম্বরে সংলাপে ইসি বিএনপির স্থায়ী কমিটির মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনকে আমন্ত্রণ জানায়। ইসি'র ওই সিদ্ধান্ত বিরুদ্ধে খালেদা জিয়া উচ্চতর আদালতে শরনাপন্ন হন। বিএনপির প্রতিনিধি দলে দেলোয়ার ছাড়াও আছেন স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলাম, সহসভাপতি এম কে আনোয়ার, অধ্যাপিকা সারোয়ারি রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, সাবেক সাংসদ ড. মুশফিকুর রহমান,আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান ও দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা, নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও মুহাম্মদ ছহুল হোসাইন এবং সচিব মুহম্মদ হুমায়ুন কবির রয়েছেন। গত ৬ সেপ্টেম্বর শুরু হয় তৃতীয় দফা ও শেষ সংলাপ। এতে ১৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় কমিশন। গত ৭ সেপ্টেম্বর বিএনপির সঙ্গে সংলাপ অনুষ্ঠানে নির্ধারিত সময় থাকলে দলীয় নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে সেই সংলাপে অংশ নেয়নি তারা। দলের স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সংলাপে বসার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' আমরা জরুরী অবস্থা প্রত্যাহার, সর্বাগ্রে সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ রাজনৈতিক দলের নিবন্ধন, গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ বিষয়গুলো নিয়ে ইসি'র আলোচনা করব। আমরা এ সব বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান ইসিকে জানিয়ে দেব।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/জিএনএ/১১৫০ ঘ.