২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতি নির্ধারণী সম্মেলনে জামায়াত গেলে আ.লীগ নাও যেতে পারে: জিল্লুর

আগামী নভেম্বরে দেশে তিনটি নীতি নির্ধারণী সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করার যে পরিকল্পনা সরকার করছে তাতে জামায়াত অংশ নিলে আওয়ামী লীগ নাও যেতে পারে। কারামুক্ত আওয়ামী লীগের সাবেক সাংসদ আলী রেজা রাজু বৃহস্পতিবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 07:48 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী নভেম্বরে দেশে তিনটি নীতি নির্ধারণী সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করার যে পরিকল্পনা সরকার করছে তাতে জামায়াত অংশ নিলে আওয়ামী লীগ নাও যেতে পারে। কারামুক্ত আওয়ামী লীগের সাবেক সাংসদ আলী রেজা রাজু বৃহস্পতিবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বুধবার বিনিয়োগ ও প্রবৃদ্ধি, প্রশাসনিক সংস্কার এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে সরকার আগামী নভেম্বরে তিনটি নীতি নির্ধারণী সম্মেলন করার পরিকল্পনা করছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। এতে শীর্ষ রাজনীতিকরা নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করবেন বলে জানান তিনি। নির্বাচনের আগে এ ধরণের উদ্যোগ কতোটা সফল হবে সে সম্পর্কে সন্দেহ পোষণ করে জিল্লুর রহমান বলেন, "জামায়াত থাকলে আমরা নাও যেতে পারি।" তিনি বলেন, "ভালো কথা শুনতে ভালো লাগে। যে কোনো গণতান্ত্রিক কাজে আওয়ামী লীগের সমর্থন থাকবে। অগণতান্ত্রিক কাজে আওয়ামী লীগের সমর্থন পাওয়া যাবে না।" আবারও জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে জিল্লুর রহমান বলেন, "শুধু নিজেদের স্বার্থ উদ্ধার, বেআইনী কাজ ও অপকর্ম চাপা দিয়ে মানষের মুখ বন্ধ করতেই জরুরি অবস্থা রাখা হয়েছে।" সাবেক দুই প্রধানমন্ত্রীকে আলোচনার টেবিলে বসানোর জন্য ব্যারিস্টার রফিক-উল হকের উদ্যোগকে স্বাগত জানিয়ে জিল্লুর রহমান বলেন, "ভালো হলে ভালো।" তিনি তত্ত্বাবধায়ক সরকারের নীতিনির্ধারকদের সমালোচনা করে বলেন, "শুধু ভালো লেখাপড়া জানলে ভালো শাসক হওয়া যায় না। মানুষকে ভালোবেসে আপন করে নিতে হয়। আইন করে মানুষকে আপন করা যায় না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জিএনএ/১৩৪০ ঘ.