ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুমন মাহবুবকে তিনি এ কথা জানান।
রফিক উল হক বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। বুধবার সকালে সেখান থেকে তিনি টেলিফোনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ব্যারিস্টার রফিক জানান, হাসিনা ঈদের পর দেশে ফিরে দলের নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনা করে এবং কর্মী সমর্থকদের মনোভাব বুঝে খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে শেখ হাসিনার মনোভাব কী জানতে চাইলে তিনি এক শব্দে উত্তর দেন "ভালো।"
ব্যারিস্টার রফিক জানান, ঈদের পরপরই শেখ হাসিনা দেশে ফেরার কথা বলেছেন।
তিনি বলেন, "উনার (হাসিনা) শারীরিক অবস্থা ভালো না। বলতে পারেন শরীরটা খুবই খারাপ। চোখে গ্লুকোমা হয়েছে। এজন্য একটি অপারেশনের দরকার ছিল তাও করা যাচ্ছে না।"
খালেদা-হাসিনাকে এক সঙ্গে বসাতে সরকার গত রোববার ব্যারিস্টার রফিক উল হকের শরণাপন্ন হয়। কী কী ইস্যু নিয়ে তাদের এক টেবিলে বসানো যায় সে বিষয়ে পরামর্শ চাওয়া হয়।
এর আগে গত ১১ সেপ্টেম্বর শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, সঙ্কট নিরসনে দেশের প্রতিদ্বন্দ্বী দুই শীর্ষ রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেয়া হবে।
১১ সেপ্টেম্বর রাতে কারামুক্ত খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় বৈঠক করেন হোসেন জিল্লুর রহমানসহ সরকারের চার উপদেষ্টা।
বৈঠক শেষে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রীকে এক টেবিলে বসানোর ব্যাপারে সরকারের উদ্যোগ জানতে চাইলে হোসেন জিল্লুর বলেন, "এ বিষয়েও খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। তার মনোভাব ইতিবাচক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএআর/এমএইচবি/২২২২ ঘ.
bdnews24