ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলার ভারে 'ভারাক্রান্ত' থাকার কথা জানিয়ে বিজয় টিভি দুর্নীতি মামলায় চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জামিন আবেদনের শুনানি গ্রহণে অসম্মতি জানিয়েছে হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ।
রোববার মেয়র মহিউদ্দিনের পক্ষে ড. কামাল হোসেন এ মামলায় তার জামিন আবেদনটির শুনানি গ্রহণের জন্য আবেদন জানালে বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি ফরিদ আহাম্মদের অবকাশকালীন বেঞ্চ অসম্মতি জানান।
আদালত আদেশে বলেন, "এই বেঞ্চ ইতোপূর্বে ধার্য জরুরি মামলার ভারে ভারাক্রান্ত। সুতরাং, আমরা এই আবেদন গ্রহণ করতে অসমর্থ।"
আদালতে ডা. কামাল হোসেন বলেন, "মেয়র মহিউদ্দিন খুবই অসুস্থ। তাই জামিনের আবেদনটির ওপর শুনানি করা জরুরি।" এ সময় তার সঙ্গে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও হরিসাধন দেব ব্রহ্মণ।
এর পর ড. কামাল হোসেন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের কাছে গেলে তিনি শুনানি গ্রহণের জন্য বিচারপতি জিনাত আরা ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিমের বেঞ্চকে ক্ষমতা দেন বলে মহিউদ্দীনের আইনজীবী হরিসাধন দেব ব্রহ্মণ সাংবাদিকদের জানান।
তিনি বলেন, মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে বিজয় টিভি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। আগামী মঙ্গল বা বুধবার এ মামলায় তার জামিনের আবেদনের ওপর হাইকোর্টে শুনানি হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/২০৫০ঘ.
bdnews24