ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের বিষয়ে বিএনপি আগামী মঙ্গলবার চারদলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবে।
গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে নির্ধারিত সংলাপে অংশ নেয়নি বিএনপি। একই পথ ধরে চার দলীয় জোটের শরিক দল জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্য জোট পরদিন ৮ সেপ্টেম্বরের সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে কমিশনকে চিঠি দেয়।
বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ চারদলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক করার কথা জানিয়ে রোববার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বিএনপি'র নয়া পল্টন কার্যালয়ে চার দলের বৈঠক হবে। চার দলের মহাসচিবরা এতে অংশ নেবেন। সেখানে সংলাপসহ সব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।"
৭ ও ৮ সেপ্টেম্বর বিএনপি ও তার দুই মিত্র ইসির আলোচনায় না গেলেও আগের দুই দফা সংলাপে তারা অংশ নিয়েছিল।
৭ সেপ্টেম্বরই বিএনপিকে আবার সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে চিঠি দেয় নির্বাচন কমিশন।
এ ব্যাপারে রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "যে কোনো দিন বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে। আমরা বিএনপির যোগাযোগের অপেক্ষায় আছি।"
এর আগে তৃতীয় দফা সংলাপের সারসংক্ষেপ ও সংলাপে বিএনপি'র অংশগ্রহণ নিয়ে শনি ও রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। এ সপ্তাহেই বিএনপি'র সঙ্গে সংলাপ হতে পারে বলে আশাবাদ জানান তিনি।
দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত ১১ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বিএনপি সংলাপ ও নির্বাচনে যাবে বলে ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/টিএইচ/এসকে/২০৪১ঘ.
bdnews24