ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো ও সরকারি বাড়ি বরাদ্দে দুর্নীতি সংক্রান্ত দুটি মামলার সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এ সময়ের জন্য মামলা দুটির কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
রোববার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশের পর খসরু সাংবাদিকদের বলেন, "আইনের শাসন ফিরে আসায় আমি দেশে ফিরেছি। হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে এ দুটি মামলা দায়ের করা হয়েছে। আদালত আমাকে জামিন দিয়েছে। মামলার কার্যক্রমও স্থগিত করে দিয়েছে। আমার বিরুদ্ধে আর কোন মামলা নেই। এখন থেকে দেশেই থাকব।"
তার পক্ষে রিট দুটির উপর শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দীন আহমাদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট তৌফিক ইনাম টিপু।
সরকার পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাফর ইমাম।
এক বছরেরও বেশি সময় পর দেশে ফেরার পর রোববার ভোররাতে দেশে ফেরেন এই সাবেক মন্ত্রী।
দুপুরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "গত বছর মে মাসের দিকে আমি বিদেশ চলে যাই। প্রথমেই সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/১৩০০ ঘ.
bdnews24