২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার নতুন মেয়র তালুকদার খালেকের দায়িত্ব গ্রহণ

খুলনা সিটি কর্পোরেশনের নতুন মেয়র তালুকদার আব্দুল খালেক রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 08:35 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

খুলনা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি কর্পোরেশনের নতুন মেয়র তালুকদার আব্দুল খালেক রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর সিটি কর্পোরেশনকে দলমতের ঊর্ধ্বে উঠে সিটি কর্পোরেশনকে পরিচালনা ও কাজের জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি। মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে বেলা ১১টায় সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে তালুকদার খালেক বলেন, "জনগণের টাকায় পরিচালিত এ সংস্থার সব কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সিটি কর্পোরেশন হবে দলমতের উর্ধ্বে খুলনার সব নাগরিকের প্রতিষ্ঠান। অতীতের দুর্নাম ঘুচিয়ে এ প্রতিষ্ঠানটিকে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করা হবে।" সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমানও বক্তব্য রাখেন। পরে মেয়র খালেক সাংবাদিকদের বলেন, "খুলনা মহানগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে। কর্পোরেশনের অতিরিক্ত জনবলও কমানো হবে।" বিগত সময়ের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। খুলনা সিটির আগের মেয়র শেখ তৈয়েবুর রহমান বর্তমানে দুর্নীতি ও চাঁদাবাজির একাধিক মামলায় কারাগারে রয়েছেন। সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও দুর্নীতির মামলার আসামি। গত ৪ আগস্টের নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগ নেতা তালুকদার খালেক। তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তবে নতুন আইন অনুযায়ী, শপথ নেওয়ার আগে দলীয় পদ ছাড়েন তিনি। তালুকদার খালেক এক জন সাবেক সাংসদ। তার নির্বাচনী এলাকা বাগেরহাট জেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩১ ঘ.