২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার নির্দেশে আপাতত বিশ্রামেই জলিল

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আপাতত বিশ্রামেই থাকছেন দলীয় সাধারণ সম্পাদক আব্দুল জলিল। তিনি সাংবাদিকদের বলেছেন, "নেত্রীর সঙ্গে শুক্রবার রাতে আমার টেলিফোনে কথা হয়েছে। তিনি আমার স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন। আমাকে কোন কিছু চিন্তা ভাবনা না করে কয়েকদিন বিশ্রাম নিতে বলেছেন। আমি নেত্রীর কথা মতো বিশ্রামে আছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 12:26 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আপাতত বিশ্রামেই থাকছেন দলীয় সাধারণ সম্পাদক আব্দুল জলিল। তিনি সাংবাদিকদের বলেছেন, "নেত্রীর সঙ্গে শুক্রবার রাতে আমার টেলিফোনে কথা হয়েছে। তিনি আমার স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন। আমাকে কোন কিছু চিন্তা ভাবনা না করে কয়েকদিন বিশ্রাম নিতে বলেছেন। আমি নেত্রীর কথা মতো বিশ্রামে আছি।" শনিবার গুলশানের বাসায় আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ কয়েকটি প্রচার মাধ্যমের সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, "নেত্রী (শেখ হাসিনা) আমার স্বাস্থ্য সম্পর্কে সব কিছু শুনেছেন। তিনি আমাকে বলেছেন 'চিন্তা করবেন না সবকিছু ঠিক হয়ে যাবে'।" দলীয় সভানেত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি আব্দুল জলিল শনিবার দুপুরে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসায় গিয়ে জানিয়ে এসেছেন বলেও জানান আব্দুল জলিল। দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব সৈয়দ আশরাফই পালন করবে কিনা- সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, "এটা নিয়ে কোন প্রশ্ন হতে পারে না, আশরাফই দায়িত্ব পালন করবে।" গত ১০ সেপ্টেম্বর জামিন পেয়ে আব্দুল জলিল দাবি করেন গঠনতন্ত্র অনুযায়ী তিনিই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এরপরের দিন জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে বলেছিলেন, "টেকনিক্যাল গ্রাউন্ডে আব্দুল জলিলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া যাচ্ছে না। এ দায়িত্ব পালন করবেন সৈয়দ আশরাফুল ইসলাম।" তবে জিল্লুর রহমানের ওই বক্তব্যের পর পরই একটি বেসরকারি টিভি চ্যানেল আব্দুল জলিলের বরাত দিয়ে জানায়, জিল্লুর রহমানকে আওয়ামী লীগের গঠনতন্ত্র পড়ে দেখতে বলেছেন জলিল। ওই বক্তব্য প্রসঙ্গে আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, "আমি কি বেয়াদব? আমি কিভাবে জিল্লুর ভাইকে গঠনতন্ত্র পড়তে বলতে পারি।" ঈদের পরপরই শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও জানিয়েছেন জলিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৮২০ ঘ.