২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় ইসি

পর্যাপ্ত সময় না থাকা, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালার জারি না হওয়া আর রাজনৈতিক দলগুলোর বিরোধিতার মুখে জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে খোদ নির্বাচন কমিশন (ইসি)। " মঈনুল হক চৌধুরীর প্রতিবেদন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 10:35 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যাপ্ত সময় না থাকা, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালার জারি না হওয়া আর রাজনৈতিক দলগুলোর বিরোধিতার মুখে জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে খোদ নির্বাচন কমিশন (ইসি)। ২৩ অক্টোবর উপজেলা নির্বাচনের ঘোষণা দিয়ে এগিয়ে যাওয়া ইসির হাতে এখন সময় ৪০ দিন। পর্যাপ্ত সময় নেই- স্বীকার করে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনও শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "এ ক্ষেত্রে কী করা হবে, তা কয়েকদিনের মধ্যে ঠিক করা হবে।" প্রধান রাজনৈতিক দলগুলোর বিরোধিতার মধ্যেই ২৩ অক্টোবর উপজেলা নির্বাচনের দিন ধরে কাজ গোছাতে শুরু করে নির্বাচন কমিশন। ৪৮২টি উপজেলার মধ্যে আড়াইশ উপজেলায় নির্বাচনের পরিকল্পনা করে তারা। সরকারের উপদেষ্টাদের মুখ থেকেও সংসদের আগে উপজেলা নির্বাচনের কথা বলা হয়। তবে ইদানীং উপজেলা নির্বাচনের বিষয়ে উপদেষ্টারা বলছেন, এটা ইসির ব্যাপার। ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন হওয়ার কথা। এর আগে নভেম্বর ও ডিসেম্বরে অন্য কোনও নির্বাচন হবে না বলে আগেই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। রোববার থেকে হিসেব ধরলে উপজেলা নির্বাচনের জন্য ইসির হাতে সময় আছে ৪০ দিন। উপজেলা অধ্যাদেশ (গত ৩০ জুন প্রণীত) অনুসরণে উপজেলা নির্বাচন বিধিমালা মন্ত্রণালয় থেকে শনিবার পর্যন্ত ইসির হাতে আসেনি বলে জানান ছহুল হোসাইন। এরপর তফসিল ঘোষণা করে মনোনয়নপত্র দেওয়া-জমা নেওয়া, যাচাই-বাছাই শেষে প্রচারের সময় দিয়ে ২৩ অক্টোবরের মধ্যে উপজেলা নির্বাচন সম্ভবপর হবে না বলে মনে করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। ১৯৯০ সালে সর্বশেষ উপজেলা নির্বাচনের সঙ্গে যুক্ত নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনের ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই এবং প্রচারণার জন্য ন্যূনতম সময় তো দিতে হবে। কম সময়ে এতসব দায়িত্ব পালন করতে গিয়ে পুরো কাজটিই লেজেগোবরে হয়ে যেতে পারে।" এ মুহুর্তের ইসির প্রস্তুতি সম্পর্কে কর্মকর্তারা জানান, রোববার-সোমবার তফসিল ঘোষণার জন্য ইসির প্রস্তুতি নেই। নির্বাচন বিধিমালা তো হয় নি। তাছাড়া বিধিমালা অনুসরণ করেই মনোনয়নপত্র ছাপাতে হয়, আর তফসিল ঘোষণার পরই প্রার্থীদের মনোনয়নপত্র সরবরাহ করতে হয়। নতুন বিধিমালা না পাওয়ায় ছাপার কাজও শুরু করা যায়নি। নতুন আইন-বিধান অনুযায়ী, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র ও হলফনামা যাচাই-বাছাইয়ের জন্য কমপক্ষে এক সপ্তাহ প্রয়োজন। প্রত্যাহারের সময়ও দিতে হবে কয়েকদিন। এছাড়া মনোনয়ন দাখিলের জন্য পনের দিন ও প্রচারণার জন্যে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে। সময় স্বল্পতার কথা স্বীকার করে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটের আগে কমপক্ষে ৪০-৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হয়ে থাকে। আমাদের হাতে পর্যাপ্ত সময় তো নেই। বিএনপি'র সঙ্গে আলোচনাও বাকি। এক্ষেত্রে কী করা হবে- তা কয়েকদিনের মধ্যে ঠিক করা হবে।" অপর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত বলেন, "বিএনপির সঙ্গে সংলাপ এখনও বাকি। দুই-একদিনের মধ্যে তা হবে বলে আমরা আশাবাদী। তাদের সঙ্গে আলোচনা করে দেখি। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।" তবে উপজেলা নির্বাচন পেছানোর কোনও সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানান তিনি। গত ২৫ আগস্ট এক সভায় ২৩ অক্টোবর ও ২৭ অক্টোবর দুই দফায় আড়াইশ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় ইসি। এর আগে ২১ জুলাই সিইসি বিবিসি রেডিও ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ২৩ অক্টোবর উপজেলা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনার কথা প্রথম জানান। আওয়ামী লীগ ও বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল সংসদের আগে উপজেলা নির্বাচনের বিরোধিতা করে আসছে। গত ৬ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সংলাপে আওয়ামী লীগসহ প্রায় সব রাজনৈতিক দল উপজেলা নির্বাচন আগে না করার আহ্বান জানায়। আওয়ামী লীগ উপজেলা নির্বাচন পরে চাইলেও একদিনে দুটি নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে তাদের অনাপত্তির কথা জানিয়েছে। বিএনপি সংলাপে না গেলেও উপজেলা নির্বাচন আগে করার বিরোধিতা করে আসছে। বিএনপি'র সঙ্গে আলোচনা ছাড়া উপজেলা নির্বাচনের বিষয়ে নতুন করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলে গত শুক্রবার সিইসি সাংবাদিকদের জানান। বিএনপি সংলাপে যাওয়ার আগে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে আসছিল। গত বৃহস্পতিবার খালেদা জিয়া জামিনে মুক্ত হন। শুক্রবার চার উপদেষ্টা তার সঙ্গে বৈঠকও করেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অবিলম্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি উঠলেও গত বুধবার সিইসি জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা এখনই সম্ভব না হলেও সম্ভাব্য তারিখ ঘোষণার কথা ভাবছেন তারা। উপজেলা নির্বাচন নিয়ে ইসির সর্বশেষ অবস্থান চলতি সপ্তাহে তুলে ধরার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/জিএনএ/১৬২৫ ঘ.