ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারামুক্তির দুদিন পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন শনিবার বিকাল তিনটায়।
সরকারের সঙ্গে সংলাপ অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে জরুরি এই বৈঠক ডাকা হয়েছে।
দলের দপ্তর সম্পাদক রিজভী আ্হমেদ শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''স্থায়ী কমিটির বৈঠক হবে বিকাল তিনটায়। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হবে।''
বিএনপির স্থায়ী কমিটির বর্তমান সদস্য সংখ্যা ১১ জন। এরা হলেন, খালেদা জিয়া, এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মতিন চৌধুরী, খোন্দকার দেলোয়ার হোসেন, ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম। ১১ বছর ধরে স্থায়ী কমিটির সদস্য মান্নান ভূঁইয়াকে গ্রেপ্তারের দিন বহিস্কার করেন খালেদা।
ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ কারাগারে আছেন।
গত বছরের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থার জারি আগে জানুয়ারি মাসেই সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল বনানীতে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় 'হাওয়া ভবন'-এ। গত বছরের ২৯ অক্টোবর সাইফুর রহমানের বাসায় স্থায়ী কমিটির এক বিতর্কিত বৈঠকে দলের নেতৃত্ব বদল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১১০৫ ঘ.
bdnews24