২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাসায় সাইফুর-মাহবুব-মিলন

'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য এম সাইফুর রহমান ও মাহবুবুর রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 03:41 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য এম সাইফুর রহমান ও মাহবুবুর রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। সাইফুর ও মাহবুব বিকাল ৪টার দিকে শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসায় যান। আর সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন স্ত্রী নাজমুন্নাহার বেবিকে নিয়ে সেখানে যান সন্ধ্যার পর। খালেদার ঘনিষ্ঠ এক বিএনপি নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাইফুর রহমান ও সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান প্রায় এক ঘণ্টা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।" এর আগে দুই নেতা টেলিফোনে খালেদা জিয়ার সঙ্গে কথা বলে বৈঠকের সময় ঠিক করেন বলে সাবেক প্রধানমন্ত্রীর বাসায় একজন সহকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। মিলন স্ত্রীকে নিয়ে মইনুল সড়কে যান সন্ধ্যা সোয়া ৭টার দিকে। রাত ৮টার পর বেরিয়ে এসে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ম্যাডামের সঙ্গে কুশল বিনিময় হয়েছে। তিনি ৩ সেপ্টেম্বরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।" গত ৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে জামিনে মুক্ত তারেক রহমানকে দেখতে গিয়ে বিএনপি নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হন 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত এহছানুল হক মিলন, বরকতউল্লাহ বুলু ও নারী আসনের একজন সাবেক সাংসদ। গত বছরের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগেই দলের ভেতরে সংস্কারের দাবি তুলে 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিতি পান সাইফুর ও মাহবুব। তারা তখনকার বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার দেওয়া সংস্কার প্রস্তাবও সমর্থন করেন। এরপর গত ২৯ অক্টোবর সাইফুর রহমানের বাসায় দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে সাইফুর নিজেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে খালেদা মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে বাদ দিয়ে দলের সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদকে অস্থায়ী মহাসচিব নিয়োগ দেন। অবশ্য গত ৭ মে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে সাইফুর সাংবাদিকদের বলেন, "২৯ অক্টোবর রাতের বৈঠকে উপস্থিত দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য আদালতে হলফনামা দেওয়ায় আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ এখন অকার্যকর।" গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন ঘোষণা করেন, "বিএনপিতে কোনও বিভেদ নেই। সবাইকে নিয়েই আমি কাজ করব।" এদিকে খালেদার আইনজীবী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস শুক্রবার জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শুক্রবার নামাজ ও দোয়া দরুদের মাধ্যমে আল্লাহর কাছে শোকরানা আদায় করেছেন। দুই ভাইয়ের স্ত্রী ও ছেলেমেয়েসহ কয়েকজন নিকট আত্মীয় এদিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২১২৬ ঘ.