ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান শুক্রবার বলেছেন, শেখ হাসিনার স্থায়ী মুক্তি ছাড়া এবং জরুরি অবস্থার মধ্যে দেশে কোনো নির্বাচন হতে পারে না।
শুক্রবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
জিল্লুর বলেন, "নেত্রী গুরুতর অসুস্থ। তাকে অবিলম্বে স্থায়ী মুক্তি দিতে হবে। তার মুক্তি ছাড়া এবং জরুরি অবস্থার মধ্যে দেশে কোনো নির্বাচন হতে পারে না। সবার আগে সংসদ নির্বাচন দিতে হবে।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেন, "দেশের মানুষ এখন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতীক্ষায় আছে। দলের নেতাকর্মীদের মানসিক প্রস্তুতি নিতে হবে যাতে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশগ্রহণ এবং বিজয়ী হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে পারে।"
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও ইফতার মাহফিলে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২১০২ ঘ.
bdnews24