ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব মেনে নিয়ে বিএনপিতে কাজ করার ঘোষণা দিয়েছেন বিএনপির 'সংস্কারপন্থী' নেতা হাফিজউদ্দিন আহমেদ।
মুক্তির পর তার সঙ্গে খালেদা জিয়ার কথা হয়েছে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তিনি।
স্থায়ী কমিটির ২৯ অক্টোবরের সিদ্ধান্তকেও এখন ভুল মনে করছেন স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজ। তিনি এখন নিজেকে এখন দলের সহসভাপতি হিসেবেই পরিচয় দিচ্ছেন।
শুক্রবার নিজের বনানীর বাসায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন সাংবাদিকদের বলেন, "বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ছিল, আছে। ওই নেতৃত্ব নিয়ে কোনও দ্বিধা-দ্বন্দ্ব ছিল না, থাকবে না। সে জন্য তার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ারের নেতৃত্ব আমি ও আমার অনুসারী মেনে নিয়েছি।"
জরুরি অবস্থা জারির পর গত বছরের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে তিনি দলের মহাসচিব মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করেন এবং সে পদে দলের স্থায়ী কমিটির সদস্য খোন্দকার দেলোয়ার হোসেনকে মনোনয়ন দিয়ে যান।
খালেদা জিয়া গ্রেপ্তারের পর গত ২৯ অক্টোবর রাতে দলের স্থায়ী কমিটির ১২ জন সদস্যের মধ্যে সাত জন সদস্য বৈঠকে বসেন। স্থায়ী কমিটির অন্যতম সদস্য এম সাইফুর রহমানের বাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে মান্নান ভূঁইয়ার বহিষ্কার প্রস্তাব অনুমোদন না করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং হাফিজউদ্দিনকে অস্থায়ী মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।
এর পর থেকেই বিএনপি দৃশ্যত দুটি ধারায় ভাগ হয়ে কার্যক্রম চালাতে থাকে। নির্বাচন কমিশনের সংলাপের অংশ নেওয়া নিয়ে দুই অংশের বিরোধের জের ধরে মামলাও হয়।
২৯ অক্টোবরের ওই সিদ্ধান্ত 'ভুল' মন্তব্য করে হাফিজউদ্দিন শুক্রবার বলেন, "সাইফুর রহমান সাহেব ইতোমধ্যে ওই সিদ্ধান্তের বিষয়ে কথা বলেছেন। এরপর ২৯ অক্টোবরের সিদ্ধান্তের কোনও কার্যকারিতা আর নেই।"
সাইফুর রহমান গত ৭ মে সাংবাদিকদের বলেন, "২৯ অক্টোবর রাতের বৈঠকে উপস্থিত দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য আদালতে হলফনামা দেওয়ায় আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ এখন অকার্যকর।"
খালেদা জিয়ার মুক্তিতে সন্তোষ প্রকাশ করে হাফিজ বলেন, "আমাদের সবার নেত্রী খালেদা জিয়া। তার মুক্তিতে আমরা আনন্দিত। মুক্তির পর নেত্রীর বক্তব্যে তার প্রজ্ঞা ও বিচক্ষণতা প্রকাশ পেয়েছে।"
খালেদা জিয়া বৃহস্পতিবার মুক্তির পর সাংবাদিকদের বলেন, "বিএনপিতে কোনও বিভেদ নেই। সবাইকে নিয়েই আমি কাজ করব।"
হাফিজ বলেন, "বিএনপি একটি বৃহৎ দল। এখানে মত-পার্থক্য থাকতে পারে। তবে এসব মত-পার্থক্য আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক হয়ে যাবে।"
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার টেলিফোনে কথা হয়েছে জানিয়ে হাফিজউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডামের (খালেদা) সঙ্গে শুক্রবার আমার কথা হয়েছে। তিনি এখন একটু অসুস্থ। সুস্থ হলেই তার সঙ্গে সাক্ষাৎ হবে বলে তিনি জানিয়েছেন।"
দলীয় সংস্কার প্রসঙ্গে হাফিজ বলেন, "আমাদের সংস্কার প্রস্তাবগুলো গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী) অধ্যাদেশে উঠে এসেছে। আমাদের নেত্রীও সংস্কারের পক্ষে। সংস্কার যা কিছু হবে, তা খালেদা জিয়ার নেতৃত্বেই হবে।"
বহি
bdnews24