২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বিদেশ যাত্রা স্থগিত, বাধার অভিযোগ

তারেক রহমানের বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে। তার আইনজীবীরা অভিযোগ করেছেন, সরকারের বাধার কারণে তিনি বুধবার যুক্তরাজ্য রওনা হতে পারেননি। তবে বিএনপি নেতা আ স ম হান্নান শাহ বলেছেন খালেদা জিয়া তার অসুস্থ ছেলে তারেককে দেখতে চেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে। তার আইনজীবীরা অভিযোগ করেছেন, সরকারের বাধার কারণে তিনি বুধবার যুক্তরাজ্য রওনা হতে পারেননি। তবে বিএনপি নেতা আ স ম হান্নান শাহ বলেছেন খালেদা জিয়া তার অসুস্থ ছেলে তারেককে দেখতে চেয়েছেন। রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তারেকের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান সাংবাদিকদের বলেন, "সিঙ্গাপুর এয়ারলাইন্সে ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে যুক্তরাজ্য রওনা হওয়ার জন্য তারেক রহমান প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সরকারের বাধার কারণে তিনি যেতে পারেননি।" তিনি বলেন, "তারেক, তার স্ত্রী ও মেয়ের জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকেট কনফার্ম করা হয়েছিল। দুপুরে সরকারকে বিষয়টি আমরা জানিয়েছি। কিন্তু রাত ১০টার সময়ও তাদের কোনো জবাব আমরা পাইনি। নির্ধারিত এ ফ্লাইটে রিপোর্টিংয়ের শেষ সময় ছিল রাত ১০টা। কিন্তু সরকারের অনুমতি না থাকায় তারেক বিমানবন্দরেও যেতে পারছেন না। এ অবস্থায় আমরা মনে করছি, সরকার তারেকের বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে।" সরকারের কারা এ 'বাধা' দিচ্ছে জানতে চাইলে আজম খান সরাসরি জবাব এড়িয়ে গিয়ে বলেন, "আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি। যত দ্রুত সম্ভব তাকে (তারেক) বিদেশে পাঠানোর চেষ্টা অব্যাহত থাকবে।" এ সময় অ্যাডভোকেট শামসুর রহমান, শিমুল বিশ্বাস, নাসিরুদ্দীন অসীমসহ তারেকের আইনজীবীরা হাসপাতালে উপস্থিত ছিলেন। আজম খানের ব্রিফিংয়ের পরপরই তারেকের বিমানবন্দর যাওয়ার জন্য রাখা অ্যাম্বুলেন্সটি হাসপাতাল এলাকা ত্যাগ করে। তারেককে বিদায় জানাতে বিএনপির কয়েক হাজার কর্মী সন্ধ্যা থেকে হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হয়। বিমানবন্দরে যাওয়ার আগে তারেক তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বলে দলের নেতারা জানিয়েছিলেন। সেখানেও রাতে ভিড় করেছিলেন দলের নেতাকর্মীরা। রাত ১০টার দিকে শেরেবাংলা নগরে জিয়ার সমাধি প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হান্নান শাহ সাংবাদিকদের বলেন, "আমি এইমাত্র খবর পেলাম, তারেক রহমানের বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে। খালেদা জিয়া তার অসুস্থ ছেলেকে দেখতে চেয়েছেন। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।" এর আগে কারাগারের উপ মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারা কর্তৃপক্ষ খালেদা জিয়ার জামিনের নথি হাতে পেয়েছে। বৃহস্পতিবার যে কোনো সময় তিনি মুক্তি পেতে পারেন। গত বছরের ৮ মার্চ ভোররাতে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে তারেককে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলায় জামিন পাওয়ার পর গত ৩ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান তারেক। তবে অসুস্থতার কারণে মুক্তি পাওয়ার পরও হাসপাতালেই অবস্থান করেন তিনি। তারেককে গ্রেপ্তারের পর গত বছরের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও গ্রেপ্তার করা হয়। সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে কোকো বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ড রয়েছেন। তাদের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও চারটি মামলার সবকটিতে জামিন পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/জিএমএ/টিএইচ/জেকে/এমএইচবি/২২৫৮ ঘ.