২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার মুক্তি পেতে পারেন খালেদা: কারা কর্তৃপক্ষ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার যে কোনো সময় মুক্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন কারাগারের উপ মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার যে কোনো সময় মুক্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন কারাগারের উপ মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারা কর্তৃপক্ষ খালেদা জিয়ার জামিনের নথি পেয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) যে কোনো সময় তিনি মুক্তি পেতে পারেন।" খালেদা জিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত দায়ের হওয়া চারটি দুর্নীতি মামলার সবগুলোতেই জামিন পেয়েছেন তিনি। বুধবার বিকেলে খালেদার আইনজীবীরা এসব মামলায় আদালতে জামিননামা দাখিল করলে আদালত তা গ্রহণ করে। খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত আমাদের জানিয়েছে, জামিন সংক্রান্ত কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।" গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বুধবার সকালে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন। আগামী ১৫ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন দুটি উঠতে পারে বলে জানিয়েছেন সরকার পক্ষের অ্যাডভোকেট সুফিয়া খাতুন। গত বছর ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এসকে/২২০৭ঘ.