২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান অনুযায়ী জামায়াত নিবন্ধনযোগ্য নয়: সিপিবি

সংবিধান অনুযায়ী জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনযোগ্য নয় দাবি করে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এ দলটিকে নিবন্ধন না দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 08:00 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান অনুযায়ী জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনযোগ্য নয় দাবি করে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এ দলটিকে নিবন্ধন না দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচনের দাবি জানিয়েছে বিকল্পধারা। জরুরি অবস্থার মধ্যে সংসদ নির্বাচনের অংশ নিতেও আপত্তি নেই এ দলটির। (আরও তথ্যসহ) তৃতীয় দফা সংলাপের দ্বিতীয় দিন রোববার সিপিবি, বিকল্পধারা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)। এদিন বিএনপির সঙ্গে বৈঠকের সময় নির্ধারিত থাকলেও দলটি সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা সকালেই জানিয়েছে ইসিকে । রোববার সকালে সিপিবির ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। ইসির পক্ষে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং ইসি সচিব মুহাম্মদ হুমায়ুন কবির। বৈঠক শেষে সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, "দেশের সংবিধান ও ইসি নিবন্ধন বিধিমালার ৯০ (গ) অনুচ্ছেদ অনুযায়ী, জামায়াতে ইসলামী দলটি নিবন্ধনযোগ্য নয়। তাদের নিবন্ধন পাওয়া উচিৎ নয়। স্বাধীনতাবিরোধী কোনও দলকেই নিবন্ধন দেওয়া যাবে না। আমরা এ কথা ইসিকে বলেছি।" সিপিবির পক্ষ থেকে জরুরি অবস্থা অবিলম্বে তুলে নিয়ে জাতীয় নির্বাচনের দিন-ক্ষণ ঘোষণার দাবিও জানানো হয়েছে বলে সেলিম জানান। সিপিবি নিবন্ধন করতে প্রস্তুত বলেও জানান তিনি। উপজেলা নির্বাচনের বিষয়ে সেলিম বলেন, "বন্যার কারণে প্রয়োজনে উপজেলা নির্বাচন পেছানো যেতে পারে। তবে সংসদ নির্বাচন পেছানো যাবে না।" কালোটাকার প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানে সরকার ও ইসির উদ্যোগের ঘাটতি রয়েছে বলে সেলিম মন্তব্য করেন। সংলাপে সিপিবির প্রতিনিধি দলে ছিলেন- মুজাহিদুল ইসলাম সেলিম, দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাহআলম, কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ, মাহাবুব আলম, সাজ্জাদ জহির চন্দন ও জাতীয় কমিটির সদস্য আইনুন নাহার লিপি। সিপিবির সঙ্গে বৈঠকের পরপরই বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে সংলাপে বসে ইসি। বৈঠকের পর বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, "আমরা উপজেলা নির্বাচন আগে করার পক্ষে আমাদের অবস্থানের কথা জানিয়ে এসেছি। আর জরুরি অবস্থার মধ্যে সংসদ নির্বাচন হলেও আমাদের আপত্তি নেই।" একইসঙ্গে তিনি বলেন, "উপজেলা নির্বাচন করতে গিয়ে যেন জাতীয় নির্বাচন ব্যাহত না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে।" আব্দুল মান্নানের নেতৃত্বে বিকল্পধারার প্রতিনিধি দলে ছিলেন- মাহী বি চৌধুরী, আবদুর রউফ, শাহ আহমেদ বাদল, অধ্যাপক শরীফুল ইসলাম, কমান্ডার শহীদুর রহমান, আবদুল আজিজ আখন্দ ও মাইনুদ্দিন চৌধুরী। বিকল্পধারার সঙ্গে সংলাপ শেষে বেলা সোয়া একটায় জাসদের সঙ্গে ইসির বৈঠক শুরু হয়। সংলাপ শেষে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) এর সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, "আমরা স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধে অভিযুক্ত কোন দলকে রাজনৈতিক দলের নিবন্ধন না দেওয়া এবং নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছি।" ১৯৭২ সালে যেসব যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করারও দাবি জানান তিনি। অবিলম্বে জাতীয় নির্বাচনের সুর্নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়ে ইনু আরও বলেন, "জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনে উপজেলা নির্বাচন, সীমানা পুনর্র্নিধারণ ও গণ প্রতিনিধিত্ব আদেশের কিছু ধারা স্থগিত রাখা যেতে পারে।" জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে আরও রদবদলের প্রয়োজন রয়েছে মন্তব্য করে ইনু বলেন, "মাঠ প্রশাসনে নির্বাচন সংশ্লিষ্ট যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী সমর্থকদের প্রত্যাহার করে নিতে হবে। বিশেষ করে পাবনা, চট্টগ্রাম, বরগুনা, নোয়াখালী, নারায়ণগঞ্জ ও দিনাজপুরসহ বেশ কয়েকটি জেলায় দলীয় জেলা প্রশাসক এখনো বহাল তবিয়তে আছে।" নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবিও জানায় দলটি। সংলাপে হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদের প্রতিনিধি দলে ছিলেন- সৈয়দ জাফর সাজ্জাদ, মাইনুদ্দীন খান বাদল, শরীফ নূরুল আম্বিয়া ও রবিউল আলম। তৃতীয় দফা সংলাপে ১৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। সোমবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), জামায়াতে ইসলামী; মঙ্গলবার কৃষক-শ্রমিক জনতা লীগ, জাতীয় সামাজতান্ত্রিক দল (জাসদ-জিকু), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ- মোজাফফর) ও আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের সময়সূচি নির্ধারিত রয়েছে। সংলাপ শুরুর দিন শনিবার জাতীয় পার্টি (এরশাদ), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি ও সাম্যবাদী দলের সঙ্গে বৈঠক করে ইসি। গত বছর সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা সংলাপ করে নির্বাচন কমিশন। এরপর দ্বিতীয় দফা সংলাপ হয় এ বছর ফেব্র"য়ারিতে। সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচন হবে। এর আগে অক্টোবরে সাড়ে তিনশ উপজেলায় নির্বাচনের পরিকল্পনা করছে ইসি। তবে আওয়ামী লীগ ও বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল সংসদের আগে উপজেলা নির্বাচনের বিরোধিতা করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এএল/এমআই/জিএনএ/১৫২০ ঘ.