ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এতদিন ধরে সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচনের দাবি জানিয়ে এলেও নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে এ বিষয়ে অবস্থান পাল্টেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
তিনি বলেছেন, উপজেলা নির্বাচন পরে হলেও জাতীয় পার্টির আপত্তি নেই। সংলাপে জাতীয় পার্টি জরুরি অবস্থা প্রত্যাহারের দাবিও জানিয়েছে।
নির্বাচন কমিশনের সঙ্গে শনিবার তৃতীয় দফা সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ে প্রথম দিন ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি ও জাতীয় পার্টির (এরশাদ) সঙ্গে বৈঠক হয়।
ইসির সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এরশাদ সাংবাদিকদের বলেন, "আমরা জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছি। উপজেলা নির্বাচন সংসদ নির্বাচনের পরে হলেও আমাদের কোনও আপত্তি নেই।"
একইসঙ্গে তিনি বলেন, "উপজেলা নির্বাচন যখনই হোক, জাতীয় পার্টি অংশ নিতে প্রস্তুত রয়েছে।"
এরশাদ বলেন, "রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়ে কমিশনের সিদ্ধান্তের সঙ্গে জাতীয় পার্টির ভিন্নমত নেই। তবে দলীয় গঠনতন্ত্র সংশোধনের জন্য সময় প্রয়োজন।"
তবে এরশাদ আশা প্রকাশ করেন, "এক মাসের মধ্যে দলীয় কাউন্সিল করে কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে পারবে জাতীয় পার্টি।"
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিএম কাদের সাংবাদিকদের জানান, সংলাপে তার দলের পক্ষ থেকে নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
সংলাপে অংশ নেওয়া জাতীয় পার্টির ছয় সদস্যের প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
এর আগে প্রথম ও দ্বিতীয় দফা সংলাপে জাতীয় পার্টি অংশ নিলেও এরশাদ তাতে ছিলেন না।
ইসির পক্ষে ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং ইসি সচিব মুহাম্মদ হুমায়ুন কবির।
সংলাপ শুরুর আগে সকালে ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, "আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপ শুরু করতে যাচ্ছি। গণমাধ্যমের মাধ্যমে তাদের বক্তব্য শুনেছি, সংলাপে তাদের মতগুলো সরাসরি শুনতে চাই।"
তৃতীয় দফা সংলাপে ১৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি।
রোববার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিকল্পধারা, জাতীয় সামাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি); সোমবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), জামায়াতে ইসলামী ; মঙ্গলবার কৃষক-শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-জিকু), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফফর) ও আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের সময়সূচি নির্ধারিত রয়েছে।
গত বছর সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা সংলাপ করে নির্বাচন কমিশন।
সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচন হবে। এর আগে অক্টোবরে সাড়ে তিনশ উপজেলায় নির্বাচনের পরিকল্পনা করছে ইসি। তবে আওয়ামী লীগ ও বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল সংসদের আগে উপজেলা নির্বাচনের বিরোধিতা করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এমআই/১৬১৫ ঘ.
bdnews24