ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ার্কার্স পার্টির সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর তৃতীয় দফা সংলাপ শুরু করেছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে।
ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধি দলের আরও আছেন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, পলিটব্যুরো সদস্য হায়দার আকবর খান রনো, ফজলে হোসেন বাদশা ও আনিসুর রহমান মল্লিক।
নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা, নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও মুহাম্মদ ছহুল হোসাইন এবং সচিব মুহাম্মদ হুমায়ুন কবির রয়েছেন।
তৃতীয় দফা সংলাপে ১৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন। প্রথম দিন ওয়ার্কার্স পার্টি ছাড়াও সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি ও জাতীয় পার্টি (এরশাদ) এর সঙ্গে পর্যায়ক্রমে সংলাপ হওয়ার কথা রয়েছে।
রোববার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিকল্প ধারা, জাতীয় সামাজতান্ত্রিক দল-জাসদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সোমবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), জামায়াতে ইসলামী ও শেষ দিনে ৯ সেপ্টেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় সামাজতান্ত্রিত দল- জাসদ (রব), ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ(মোজাফ্ফর) ও আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে।
রাশেদ খান মেনন সংলাপে বসার আগে সাংবাদিকদের বলেন,'' আমরা রাজনৈতিক দলের নিবন্ধন,গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ, জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টির সুনির্দিষ্ট পদক্ষেপের বিষয়গুলো নিয়ে আলোচনা করব।''
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সকালে সাংবাদিকদের বলেন,''আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপ শুরু করতে যাচ্ছি। গণমাধ্যমের মাধ্যমে তাদের বক্তব্য শুনেছি, সংলাপে তাদের মতগুলো আমরা সরাসরি শুনতে চাই।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/জিএনএ/১০৫৮ ঘ.
bdnews24