২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার যাদের পছন্দ করে না তাদের জামিনের বিরুদ্ধে আপিল করছে: দেলোয়ার

সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকার যাদের পছন্দ করে না তাদের জামিনের বিরুদ্ধে আপিল করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকার যাদের পছন্দ করে না তাদের জামিনের বিরুদ্ধে আপিল করছে। সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ' বিএনপির তিন দশক ঃ শহীদ জিয়া ও খালেদা জিয়া ' শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দেলোয়ার এ কথা বলেন। দলীয় নেতা-কর্মীদের সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠানোয় উদ্বেগ প্রকাশ করে মহাসচিব বলেন, '' সরকার যাদের পছন্দ করে না তাদের জামিনের বিরুদ্ধে আপিল করছে, আর পছন্দদের বেলা তারা তা করছে না। সরকারের এ রকম বৈষম্যমূলক আচরণের অবসান চাই।'' উপজেলা নির্বাচনের বিরোধিতা করে দেলোয়ার বলেন, '' এ সরকার অবৈধভাবে ক্ষমতায় আছে। উপজেলা নির্বাচন করার সাংবিধানিক বৈধতা তাদের নেই। উপজেলা নির্বাচন করার উদ্দেশ্য দেখে মনে হচ্ছে সরকার আদৌ জাতীয় নির্বাচন করতে চায় না।'' সব দলের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্যকোনো 'মতলববাজি প্রক্রিয়ায় ' ক্ষমতার পালাবদল বিএনপি মেনে নেবে না জানিয়ে দ্রুত সংসদ নির্বাচনের ব্যবস্থা নেওয়ার আহবান জানান তিনি। রমজানে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের 'ব্যর্থতায়' ক্ষোভ প্রকাশ করেন খোন্দকার দেলেয়ার। চারদলীয় জোটে বিএনপির মিত্র জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন, ''খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, সরকার অবশ্যই তাকে মুক্তি দিতে বাধ্য হবে।'' আওয়ামী লীগকে উদ্দেশ করে জামায়াত নেতা বলেন, '' আগামী নির্বাচনে আমরা খালি মাঠে অংশ নিতে চাই না। নির্বাচনের মাধ্যমেই চার দল আপনাদের পরাজিত করবে। আমাদের বিজয় অতি নিকটে।'' সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে বলেন, "শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপিকে ২৫ বছরে খালেদা জিয়া একটি বটবৃক্ষে পরিণত করেছেন।'' সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, সহসভাপতি অধ্যাপিকা সারোয়ারী রহমান, এম কে আনোয়ার, চার দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন। দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মুশফিকুর রহমান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, কেন্দ্রীয় নেতা রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক ছাত্র দল সভাপতি ড. আসাদুজ্জামান রিপন, সাবেক সাংসদসহ অঙ্গসংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯২৯ঘ.